রিয়াল-চেলসি ফাইনাল চান মরিনহো
১৯ মে। বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়াম। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। মুখোমুখি রিয়াল মাদ্রিদ আর...চেলসি!এমন একটা ছবি এখনই মনের রং-তুলিতে এঁকেছেন হোসে মরিনহো। রিয়াল এবার ফাইনালে উঠবেই। এবং সেখানে নিজেরই সাবেক ক্লাব চেলসির সঙ্গেই দেখা হবে—মরিনহোর ধারণা, এটা নিয়তিনির্ধারিত। ‘মানুষ বুঝতে পারবে না চেলসিকে আমি কতটা ভালোবাসি। ওদের সঙ্গে কোয়ার্টার ফাইনাল কি সেমিফাইনালে দেখা হতে পারে। প্রতিপক্ষ হিসেবে ওরা সত্যিই দুর্দান্ত। চেলসি শেষ আটে ওঠায় আমি খুবই খুশি। ওদের সঙ্গে আমি ফাইনালেই দেখা করতে চাই।’প্রথম লেগে ‘পুঁচকে’ সিএসকেএ মস্কোর সঙ্গে ১-১ ড্র করা রিয়াল পরশু রোনালদোর জোড়া গোলে জিতেছে ৪-১-এ। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে ২৪ ম্যাচে ১৯ গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। স্বদেশি রোনালদো সম্পর্কেও তাই পর্তুগিজ কোচের কণ্ঠে প্রশংসা, ‘রোনালদো সত্যিই অবিশ্বাস্য। গত মৌসুমে ও যতগুলো গোল করেছিল, আপনি ভাবতেই পারতেন, সেটাই ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল। কিন্তু এই মৌসুমটায় রোনালদো আরও উন্নতি করল, নিজেকে আরও ওপরে নিয়ে গেল।’রোনালদো গোল করছেন, জেতাচ্ছেন ঠিকই। তবে এই মৌসুমে রিয়ালের সাফল্যের নেপথ্য নায়ক কিন্তু জাবি আলোনসো। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অবশ্য জাবিকে পাবে না রিয়াল। হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এএফপি।