রিয়াল ছাড়ছে না বার্সাকে
প্রায় দুই মাসের গোল-খরা কাটালেন থিয়েরি অঁরি। জেরেজকে হারাল বার্সেলোনা। ৬ সপ্তাহ পর মাঠে নেমেই গোল পেলেন কাকা। জিতল রিয়াল মাদ্রিদও। রিয়াল-বার্সা দুদলই জয় পাওয়ায় স্প্যানিশ লিগের শিরোপা লড়াইটাই থাকল একই বৃত্তে। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট বার্সার, রিয়ালের ৮৬।বার্সেলোনার ম্যাচটি হয়েছে আগে। জেফরেন, অঁরি আর ইব্রাহিমোভিচের গোলে জেরেজের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। একটু পরই রিয়াল জারাগোজার মাঠে খেলতে নামা রিয়াল তাই একটু চাপেই ছিল। রাউলের ৫০ মিনিটের গোলে এগিয়ে যাওয়ায় চাপ একটু হালকা হয়েছিল ঠিক, কিন্তু পাথর ভার হয়ে সেটা আবার রিয়ালের বুকে চেপে বসে ১১ মিনিট পর কলুঙ্গা জারাগোজাকে সমতায় ফেরালে। তবে ‘সুপারসাব’ কাকা ৮২ মিনিটে দারুণ এক গোল করে মুক্তি দেন রিয়ালকে।বুধবার চ্যাম্পিয়নস লিগে বাঁচা-মরার লড়াই বার্সেলোনার। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেই ম্যাচ মাথায় রেখেই লিওনেল মেসি, জেরার্ড পিকে ও পেদ্রোকে খানিক বিশ্রাম দিয়েছিলেন পেপ গার্দিওলা। প্রথম একাদশে এঁদের কাউকেই রাখেননি। প্রথম একাদশে তাই সুযোগ পেয়ে যান অঁরি। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। জেফরেন ১৪ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার। এর মিনিটখানেক পরই বার্মেজোর গোলে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে কিছু একটা করে ফেলার আশা জাগায় পয়েন্ট তালিকার সবার নিচে থাকা জেরেজ। তবে ইব্রাহিমোভিচের ৫৬ মিনিটের সেই গোল তাদের আশায় জল ঢেলে দেয়।বুধবারের ম্যাচটির কারণেই পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দলটির বিপক্ষে ম্যাচটিও অন্যরকম এক পরীক্ষা হয়ে গিয়েছিল বার্সার। ম্যাচ শেষে কোচ গার্দিওলাও বললেন একই কথা, ‘এই ম্যাচটি ছিল বিপজ্জনক। কারণ, ট্যাকটিক্যালি যতই প্রস্তুত হই না কেন, মন পড়ে ছিল বুধবারের ম্যাচে।’ তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার কারণে এ ম্যাচে মোটেই অমনোযোগের ছাপ ছিল না বার্সার মাঠের খেলায়। অতিরিক্ত ফাউল আর থ্রো বা কর্নার করে বার্সার পাসিং ফুটবল বিঘ্নিত করতে চেয়েছে জেরেজ। বার্সা অবশ্য তাদের খেলাটা ঠিকই খেলে গেছে। তবে বার্সার স্বাভাবিক খেলায় বিঘ্ন ঘটানোর খেসারত দিতে হয়েছে জেরেজকে। শেষ ১০ মিনিটে চারটি হলুদ কার্ডের সঙ্গে দুটি লাল কার্ডও দেখতে হয়েছে জেরেজকে।পরশু বড় পরীক্ষা দিতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও। এমনিতে অবনমন এলাকায় ঘুরপাক খেলেও পরাশক্তি-বধের অভ্যাসটা ঠিকই আছে জারাগোজার। পরশু সেই দলের মুখোমুখি হতে হয় কাকা-রোনালদোদের। শেষ পর্যন্ত অবশ্য ১০ জনের জারাগোজার বিপক্ষে পরীক্ষাটা সফলতার সঙ্গেই শেষ করেছে রিয়াল। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি খুশিই, ‘দল শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে। দলকে নার্ভাস হয়ে পড়তে দেখাটা সব সময়ই ভয়ের ব্যাপার। তবে এই ভয় কাটিয়ে শেষ পর্যন্ত জিততে পেরেছি।’তবে রিয়ালের কাছে হেরে যাওয়ার আগে রিয়ালকে ভালোই ভুগিয়েছে জারাগোজা। ৫২ মিনিটে ১০ জন হয়ে পড়ার পরও গোল শোধ করতে পেরেছে। রিয়ালের রক্ষণভাগকে কাঁপিয়ে দিয়েছে তারা বেশ কয়েকটি ভালো প্রতি-আক্রমণে। শেষ পর্যন্ত অবশ্য পরাশক্তি-বধ আর করা হয়নি জারাগোজার! এএফপি।