রিয়াল ছাড়তে চান কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য কোথায় কখন কাউকে নিয়ে যায় বলা মুশকিল। আজ যিনি মাঠ কাঁপাচ্ছেন, কাল তিনি হয়ে যেতে পারেন অপাংক্তেয়। কাকাকেই দেখুন, ২০০৯ সালে এসি মিলান থেকে ছয় কোটি ৮০ লাখ ইউরোয় তাঁকে কিনে এনেছিল রিয়াল মাদ্রিদ। ওটা ছিল ওই সময়ের বিশ্ব রেকর্ড। সেই কাকা রিয়ালে এসে নিজের ছায়া হয়ে পড়লেন। দলে ব্রাত্য হয়ে পড়লেন। এখনো রিয়ালে ভাগ্য বদলাতে পারেননি। কাকা তাই চাইছেন ক্লাব ছাড়তে। এই মৌসুমে কিন্তু দৃশ্যপট বদলে যাওয়ার সম্ভাবনা ছিল। সাবেক মিলান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে পুনর্মিলন ব্রাজিলিয়ান প্লেমেকারের জন্য একপশলা স্বস্তির বাতাসই নিয়ে এসেছিল। এই আনচেলত্তির ছাত্র থাকা অবস্থায়ই কাকা জিতেছিলেন ব্যালন ডি’অর। কিন্তু লা লিগায় প্রথম দুই ম্যাচে প্রথম একাদশে দূরে থাক, বদলি হিসেবেও নামার সুযোগ হয়নি। ইসকো, ওজিলরা থাকতে যে সুযোগ খুব একটা মিলবে না সেটা কাকা বুঝে গেছেন। তাই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ্যেই জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা। ‘আমি ক্লাব ছাড়তে চাই। আমি মনে করি বিদায় নেওয়ার এটাই সবচেয়ে ভালো মুহূর্ত’—পরশু দেপোর্তিভোর বিপক্ষে প্রীতি ম্যাচের পর বলেছেন কাকা। এই ম্যাচে অবশ্য দুই গোল করেছেন। কিন্তু ম্যাচ শেষে হতাশাটা গোপন করেননি, ‘দলে জায়গা পাওয়া এখন কঠিন আমার জন্য। ক্লাব জানে আমি কী চাই। আমি আনচেলত্তির সঙ্গে কথা বলেছি। সবাই জানে সেটা। আমার বাবা (কাকার এজেন্টও) ক্লাবের সঙ্গে পরিস্থিতিটা নিয়ে কথা বলছেন। আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি, তার মানে এই নয় যে আমি সুখী।’ তবে কাকা যেতে চাইলেই সেটি সহজে হওয়ার নয়। কারণ রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ না পেলেও তাঁর পারিশ্রমিকটা অনেক বেশি। এখনো বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়দের একজন তিনি। পত্রিকান্তরের খবর অনুযায়ী মৌসুমে তাঁর বেতন এক কোটি ইউরোরও বেশি। ইউরোপের কোনো বড় ক্লাব কি তাঁকে নেবে? পুরোনো ক্লাব এসি মিলানের আগ্রহ আছে বলে শোনা যাচ্ছিল। মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি কাল বলেছেন, যেকোনো কিছুই সম্ভব। দেখা যাক কী হয়। কাকা কি তাহলে সান সিরোতে ফিরছেন? এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।