রিয়াল তাহলে ঈর্ষাকাতর!
লিওনেল মেসির জাদুকরি ফুটবলেই গত মৌসুমে নতুন ইতিহাস গড়েছিল বার্সেলোনা। জিতেছিল ঐতিহাসিক ট্রেবল। বছর শেষে বার্সেলোনার শিরোপার সংখ্যা দাঁড়িয়েছিল ছয়ে। সেই শিরোপা-ষষ্ঠকের একটি ছুটে গেছে এরই মধ্যে। লিগ শিরোপার লড়াইটাও হচ্ছে হাড্ডাহাড্ডি। কঠিন এই লড়াইয়ের শেষ হাসি হাসতে পারবে বার্সা? ন্যু ক্যাম্পে একটি বিশ্বাসের অনুরণন—মেসি তাদের পৌঁছে দিতে পারবেন শিরোপার সোনালি গন্তব্যে। মৌসুম শুরুর আগেই নিজের একটা লক্ষ্যের কথা জানিয়েছিলেন মেসি—আমি জানি কাজটা খুব কঠিন, তবে এবারও গত বছরের সাফল্যের পুনরাবৃত্তিই চাই আমি। কিংস কাপটা হাত থেকে পড়ে গেছে বলে সেটা আর হচ্ছে না। তবে মেসি এখন যে ফর্মে আছেন, তাতে তিনি বার্সাকে লিগ জেতাবেন বলে ন্যু ক্যাম্পে যে বিশ্বাসটা জন্ম নিয়েছে, সেটা অমূলক নয়। লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক করার পর বার্সেলোনা সভাপতি মেসিকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করে এগিয়ে রাখলেন তাঁকেই। আজ ওসাসুনার বিপক্ষে মাঠে নামার আগে পরশু সতীর্থ পেদ্রো আরেকবার আনলেন ওই পুরোনো তুলনাটা, ‘আমার কাছে ম্যারাডোনার চেয়ে মেসিই ভালো। আমি তার সঙ্গে খেলি এবং প্রতিদিন দেখে মনে হয় ভালো আসলে সে-ই। ম্যারাডোনা ছিলেন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। আমার মনে হয় মেসি তার চেয়েও বেশি কিছু।’ ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন তারকা। গোলের ফোয়ারা ছোটাচ্ছে রিয়াল মাদ্রিদও। তাতেও নেতৃত্ব দিচ্ছেন একজন আর্জেন্টাইনই, গঞ্জালো হিগুয়েইন। ২০ গোল করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। লিগে সবচেয়ে বেশি গোল (২৭ ম্যাচে ৭৪ গোল) করে বার্সেলোনার সমান পয়েন্ট নিয়েও পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল। বার্নাব্যুতে শিরোপা জয়ের বিশ্বাসটা যেন একটু বেশিই।তবে বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ গোলের হিসেব-টিসেবকে পাত্তা দিচ্ছেন না। তিনি রিয়ালকে লিগের সেরা দল বলতেও রাজি নন, ‘যদিও মাদ্রিদের নাম সবার ওপরে, আমার কাছে কিন্তু তা নয়। এতে রাগ হচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা বার্নাব্যুতে খেলিইনি। আর ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে শিরোপা যেন ওরা জিতেই গেছে।’ আলভেজ মনে করেন, রিয়াল এসব করছে ঈর্ষাবোধ থেকে। ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ওদের স্টেডিয়ামে। ওরা এখনই টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেছে। আর বার্সেলোনা এখনো চ্যাম্পিয়নস লিগে আছে, এই ঈর্ষা থেকেই ওরা এমন করছে।’ এএফপি।