রিয়াল-ত্রাতা হিগুয়েইন
প্রথমার্ধ গেল গোলশূন্য। ঘড়ির কাঁটা টিকটিক করে প্রায় শেষ দিকে পৌঁছে গেছে। কিন্তু রোনালদো, হিগুয়েইনরা খুঁজে পাচ্ছেন না প্রতিপক্ষের জাল। প্রতিপক্ষ আহামরি কোনো দল নয়, স্পোর্টিং গিজন। টাচলাইন নিষেধাজ্ঞা থাকায় গ্যালারিতে বসা রিয়াল কোচ হোসে মরিনহোর অস্থিরতা ক্রমেই বাড়ছে, মহামূল্যবান দুটি পয়েন্ট খোয়াতে হবে? চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শীর্ষস্থানটা তাহলে হাতছাড়া হবে প্রথমবারের মতো?না, শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াতে হয়নি রিয়াল মাদ্রিদকে। অনেক তপস্যার পর শেষ বাঁশির ৮ মিনিট আগে গোল করে অস্থির মরিনহোকে সুস্থির করেছেন গঞ্জালো হিগুয়েইন। ১-০ গোলের এই জয় রিয়ালকে এনে দিয়েছেন মূল্যবান ৩টি পয়েন্ট, শীর্ষেই রেখেছেন দলকে। আগের দিন ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল বার্সেলোনা।গিজন হেরেছে বটে, কিন্তু নিজেদের মাঠে তারা যেন প্রতিজ্ঞা করেই নেমেছিল রিয়ালকে জয়োৎসব করতে দেবে না। আস্তুরিয়ান শিবিরের এই প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামার যথেষ্ট কারণও ছিল। গত ২২ সেপ্টেম্বর বার্সেলোনার কাছে ১-০ গোলে হারের পর স্পোর্টিং গিজনকে উদ্দেশ্য করে ‘বার্সেলোনার বিপক্ষে দলটি যেন হারের জন্যই মাঠে নামে। একটু সচেতন হলেই জেতা যায়, এই বিশ্বাস যেন দলটির নেই’ জাতীয় বাঁকা কথা বলেছিলেন মরিনহো।আস্তুরিয়ান ক্লাবটি সেই থেকেই অপেক্ষায় ছিল ‘রিয়াল ম্যাচ আসুক দেখিয়ে দেব’ মনোভাব নিয়ে। জয়বঞ্চিত করতে না পারলেও রিয়ালের পিঠ প্রায় দেয়ালে ঠেকিয়ে দিতে তারা পেরেছিল। রিয়াল অবশ্য জয়ের জন্য ছিল মরিয়া। একাধিক সুযোগও পেয়েছে। কিন্তু লিগে টানা ষষ্ঠ জয়ের পথে রিয়ালকে শেষ পর্যন্ত অপেক্ষায় রাখে গিজনের গোলরক্ষক হুয়ান পাওলোর বিশ্বস্ত দুটি হাত। এক দ্বিতীয়ার্ধেই তিন-তিনটি দুর্দান্ত সেভ করেছেন তিনি। কিন্তু ৮২ মিনিটে বেনজেমার হেড পুরোপুরি ধরতে পারেননি, কাছে থাকা হিগুয়েইন তা থেকেই গোল করে বসেন।রিয়ালের মতোই কষ্টের জয় পেয়েছে এসি মিলান। সিরি ‘আ’র সবচেয়ে আকর্ষণীয় ‘মিলান ডার্বিতে’ তারা নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়েছে ওই ১-০ গোলেই। এসি মিলানের মিলান ডার্বি জয়ের নায়ক জ্লাতান ইব্রাহিমোভিচ। ৫ মিনিটেই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি তিনি করেছেন পেনাল্টি থেকে। এই জয়ে ঘণ্টা দুয়েক পরেই শীর্ষে ফিরেছে মিলান। ইন্টার মিলান নেমে গেছে পঞ্চম স্থানে। দুইয়ে যথারীতি লাৎসিও, পরশু রাতে যারা ২-০ গোলে হারিয়েছে নাপোলিকে।রিয়াল-মিলানের তবুও সান্ত্বনা, জয় পেয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি গড়েছে লজ্জার ইতিহাস। সান্ডারল্যান্ডের মতো মাঝারি মানের এক দলের কাছে হেরে গেছে ৩-০ গোলে! ঘরের মাঠে বিগত ৯ বছরে এটিই ইংলিশ চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় ব্যবধানে হার। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার সময় ঘরের স্টামফোর্ড ব্রিজে চেলসির গর্বে প্রথম পেরেক ঠোকেন ওনৌহা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসামোয়া জিয়ান। ৮৭ মিনিটে শেষ পেরেক ঠুকেছেন ওয়েলবেক। লজ্জার এই হারের পরও শীর্ষে চেলসিই। তবে এভারটনকে ২-১ গোলে হারিয়ে দুই পয়েন্টের ব্যবধান নিয়ে দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। সানিয়া (৩৬ মিনিট) ও অধিনায়ক সেস ফ্যাব্রিগাসের (৪৮ মিনিট) কাঁধে চেপে পাওয়া এই জয়ে উচ্ছ্বসিত কোচ আর্সেন ওয়েঙ্গার। এভারটনের সান্ত্বনার গোলটি টিম কাহিলের, ৮৭ মিনিটে।জার্মান বুন্দেসলিগায় ড্র হতাশা কাটিয়ে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। নুরেমবার্গের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-০ গোলের জয়টি এককথায় মারিও গোমেজের। দুই গোল করা এই স্ট্রাইকার হ্যাটট্রিকই পেতে পারতেন। কিন্তু পেনাল্টি মিস করে সেই সুযোগ হাতছাড়া করেছেন। এই নিয়ে গত পাঁচ ম্যাচে ৭ গোল করলেন তিনি। বায়ার্নের আরেক স্বস্তি, প্রায় দুই মাস পর মাঠে নেমেছিলেন ফ্রাঙ্ক রিবেরি। এএফপি, রয়টার্স।