রিয়াল নয় বার্সেলোনা!
প্রথম বছরটাকে ‘প্রস্তুতি’র বছর হিসেবে নিয়েছিলেন। এই মৌসুম থেকে আটঘাট বেঁধেই মাঠে নামছেন হোসে মরিনহো। দলটাকেও গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। মূল উদ্দেশ্য বার্সেলোনাকে ঠেকানো। বার্সাও কিন্তু বসে বসে মরিনহোর অস্ত্রভান্ডারের সমৃদ্ধি দেখেনি। তারাও শক্তি বাড়িয়েছে। চলে এসেছেন সেস ফ্যাব্রিগাস, এসেছেন অ্যালেক্সিস সানচেজের মতো প্রতিভাবান উঠতি তারকাও।সব মিলে হিসাব কষে রাফা বেনিতেজ বলছেন, এখনো রিয়ালের চেয়ে বার্সাই এগিয়ে আছে শক্তির দিক দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীদের রাজত্ব এবারও হটিয়ে দিতে পারবে না রিয়াল। লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ বলেছেন, ‘বার্সেলোনা আর রিয়াল চ্যাম্পিয়নস লিগের দুই ফেবারিট। অবশ্য রিয়ালের চেয়ে বার্সা এক ধাপ এগিয়ে আছে। যদিও মৌসুমের শুরুটা কেমন হয়, কীভাবেই বা শেষ হয়, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে।’বেনিতেজের সঙ্গে অবশ্য একমত নন রয়স্টন ড্রেনথা। রিয়াল থেকে ধারে এভারটনের হয়ে খেলা এই ডাচ খেলোয়াড় মনে করেন, দলগত শক্তির দিক দিয়ে রিয়ালই এগিয়ে। যদিও শিরোপা এনে দিতে পারছে না এ দলটি, ‘রিয়াল মাদ্রিদের দলটি বিশ্বের অন্যতম সেরা। এখানে তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেল আছে। আমরা বার্সেলোনার চেয়ে অবশ্যই ভালো। কিন্তু দল সফল না হওয়ায় পরিস্থিতি অন্য রকম হয়ে গেছে।’রিয়াল সাফল্য না পাওয়ার বড় কারণ কী? ড্রেনথা মনে করেন, ঘন ঘন কোচ পাল্টানোতেই মূল সমস্যা, ‘রিয়াল যেভাবে কোচ পাল্টায়, লোকে সেভাবে চকলেট খায়।’যে যা-ই বলুক, রিয়ালকে দেখে মনে হচ্ছে, বার্সেলোনাকে চ্যালেঞ্জ জানাতে তারা প্রস্তুত। লিগের প্রথম ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে রিয়াল জারাগোজাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। পরদিন লিওনেল মেসির জোড়া গোলে বার্সাও ভিয়ারিয়ালকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। আজ লা লিগায় ম্যাচ আছে দুই দলেরই। কলকাতা-ঢাকা মাতিয়ে ফিরে যাওয়া মেসি নামবেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। বার্সার ম্যাচটি শেষ হওয়ার পরপরই গেটাফের মুখোমুখি হবে রিয়াল। ওয়েবসাইট।