রিয়াল পারবে, পারবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা দেসিমা, লা দেসিমা...কার্লো আনচেলত্তি এই শব্দজোড়া শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতে পারেন। কিন্তু দীর্ঘ খরা ঘুচিয়ে চ্যাম্পিয়নস লিগে দশম শিরোপা জিততে পারবে রিয়াল মাদ্রিদ? এবারও প্রশ্নটা উচ্চারিত হচ্ছে জোরেশোরে। সেই ২০০২ সালে বেয়ার লেভারকুসেনকে হারিয়ে সর্বশেষ নবম শিরোপা জয়ের উৎসব করেছিল রিয়াল। এরপর ১৩ মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগ ফাঁকি দিয়ে গেছে ইউরোপের সফলতম ক্লাবটিকে।
আনচেলত্তির রিয়াল দশম শিরোপা জিততে পারে কি না সময়ই বলবে। তবে সেরা ফর্মের রোনালদোর সঙ্গে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে নিয়ে রিয়ালের আশাবাদের ভিত্তি আছে। যদিও বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপের ধারণা, একটা দলের সামনে পড়লে রিয়াল এবারও দাঁড়াতে পারবে না। সেই দলটি বায়ার্ন মিউনিখ।
বুন্দেসলিগায় বায়ার্ন-ডর্টমুন্ড দ্বৈরথ কয়েক মৌসুম ধরেই জমজমাট। চ্যাম্পিয়নস লিগেও গতবার ডর্টমুন্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল বায়ার্ন। ঘরোয়া প্রতিদ্বন্দ্বী দলটিকে এত দিন ধরে কাছ থেকে দেখছেন ক্লপ। সেই অভিজ্ঞতা থেকেই আ বোলাকে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের এবার বায়ার্নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলারই সম্ভাবনা নেই। এই মুহূর্তে বায়ার্ন অপ্রতিরোধ্য।’ দুই মৌসুম আগে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে দেখা হয়েছিল দুই দলের। সেবার বায়ার্নের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় রিয়াল। এবারও কি বায়ার্নই হবে রিয়ালের ঘাতক?
আনচেলত্তিকে আশা জোগাচ্ছেন স্বদেশি ইতালিয়ান ফ্যাবিও ক্যাপেলো। কদিন আগে গিয়েছিলেন স্পেনে। রিয়ালেরই সাবেক এই কোচ আনচেলত্তির দলকে আরও উন্নতি করতে হবে জানিয়ে বলেছেন, ‘লা লিগা ও দশম ইউরোপিয়ান কাপ জেতার জন্য রিয়ালই ফেবারিট। তাদের অসাধারণ একটা দল আছে।’
ক্যাপেলো না ক্লপ, কার কথা ঠিক হবে? ওয়েবসাইট।