রিয়াল বাঁচল রোনালদোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে তখন দুশ্চিন্তার কালো মেঘ। টাচলাইনে অস্থির পায়চারি করছেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। রিয়াল মাদ্রিদ-ওসাসুনা ম্যাচটা যে তখন ২-২ সমতা। দুটি পয়েন্ট হারানোর শঙ্কা চেপে বসেছে রিয়ালের ওপর। ৮৯ মিনিটে রিয়ালকে এই অস্থিরতা আর শঙ্কা থেকে মুক্তি দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গঞ্জালো হিগুয়েইনের দারুণ এক ক্রসে হেডে করলেন জয়সূচক গোল। দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলে ম্যাচ জিতে স্প্যানিশ লিগের শিরোপা জয়ের আশাটি বাঁচিয়ে রাখল রিয়াল। ৩৫ ম্যাচ করে খেলে বার্সেলোনার পয়েন্ট ৯০ এবং রিয়ালের ৮৯।আগের ম্যাচে রিয়াল জারাগোজার সঙ্গে ড্র করতে করতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কাকার ৮২ মিনিটের গোল বাঁচিয়ে দেয় তাদের। এবার কে বাঁচাল? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি ভাগ্য? কোচ পেলেগ্রিনি স্বয়ং রোনালদোকেই দেখছেন ভাগ্যের অবতার হিসেবে, ‘সে এমন একজন খেলোয়াড় যে পার্থক্য গড়ে দেয়। আমাদের ভাগ্য যে, সে আমাদের সঙ্গে আছে।’ঠিকই বলেছেন পেলেগ্রিনি। পরশু বার্নাব্যুতে রিয়ালের ‘ত্রাণকর্তা’ রূপেই আবির্ভূত হয়েছিলেন পর্তুগিজ উইঙ্গার। জয়সূচক গোলের আগে দলকে একবার ম্যাচেও ফিরিয়েছেন তিনি। নিজেদের মাঠে ৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল রিয়াল। ২৫ মিনিটে গোল শোধ করেন রোনালদো। ৪২ মিনিটে আবার পিছিয়ে পড়ে রিয়াল। এবার অবশ্য ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো সমতায় ফেরান দলকে। শুধু এ ম্যাচেই নন, রোনালদো প্রায় প্রতিটি ম্যাচেই ভালো খেলছেন। না হলে কি স্প্যানিশ লিগে মাত্র ২৬ ম্যাচ খেলে ২২ গোল করতে পারেন! লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে তিনি। তাঁর আগে আছেন শুধু দুই আর্জেন্টাইন—তাঁরই সতীর্থ হিগুয়েইন (২৫) এবং মেসি (২৯)।‘জিততেই হবে’ ম্যাচটি খেলতে নেমে শুরুর দিকেই একটা ভুল করে বসে রিয়াল। ভুলটি আসলে করেন ডিফেন্ডার রাউল আলবিওল। তাঁর ব্যাক পাস থেকে আরান্ডা এগিয়ে দেন ওসাসুনাকে। রিয়াল দ্বিতীয় গোলটিও হজম করে রক্ষণের ভুলে। সেই গোলটি এক ডিফেন্ডারই শোধ করলেও রক্ষণভাগের ওপর চটে আছেন পেলেগ্রিনি। তিনি সরাসরিই বললেন, ‘আমার মনে হয়, এই মৌসুমে আমাদের রক্ষণভাগ সবচেয়ে বাজে খেলেছে আজকের (পরশু) ম্যাচেই।’ইতালিয়ান সিরি ‘আ’তে পরশু ইন্টার মিলানের বিপক্ষে রক্ষণটা ভালোই সামলাচ্ছিল লাৎসিও। ৪৫ মিনিট পর্যন্ত ইন্টারকে দুশ্চিন্তায় রাখার পর প্রথম গোল খায় লাৎসিও। ওয়াল্টার স্যামুয়েলের এই গোলের সঙ্গে ৭০ মিনিটে ইন্টারের জয় নিশ্চিত করেন আরেক ডিফেন্ডার থিয়াগো মোত্তা (২-০)। টানা পঞ্চম স্কুডেট্টোর দিকে এগিয়ে যাচ্ছে ইন্টার। শেষ দুটি ম্যাচের আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে গেল ইন্টার। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের, রোমার ৭৪।জুভেন্টাস কাতানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে চার নম্বরে থেকে লিগ শেষ করার সুযোগটাও হারিয়েছে এদিন। ৩৬ ম্যাচে ৫৫ পয়েন্ট তাদের। পরের দুটি ম্যাচ জিতলেও আর চার নম্বরে ওঠা হবে না জুভেন্টাসের। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে আর খেলা হবে না তাদের।ইংলিশ প্রিমিয়ার লিগে কাল চেলসি ও ম্যানইউ তাদের নিজেদের ম্যাচ জেতায় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই টিকে থাকল শেষ রাউন্ড পর্যন্ত। ৩৭ ম্যাচে চেলসির ৮৩ পয়েন্ট, ম্যানইউর ৮২। শেষ ম্যাচে চেলসি নিজেদের মাঠে খেলবে উইগানের বিপক্ষে, ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর প্রতিপক্ষ স্টোক সিটি। এএফপি।