রিয়াল-বার্সা আধিপত্যের অবসান চায় অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে দীর্ঘদিন ধরেই চলছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য। বিগত ১২টি মৌসুমের মধ্যে ১০টিতেই লিগ শিরোপাটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে এই দুই স্প্যানিশ জায়ান্ট। শুধুই বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের লড়াইয়ে পরিণত হওয়ায় অনেকেই স্প্যানিশ লিগকে উল্লেখ করেছেন একঘেঁয়ে একটা প্রতিযোগিতা হিসেবে। তবে এবার এই চক্র ভাঙ্গার জোর চেষ্টা চালাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফুটবলপ্রেমীদের বিনোদনের জন্যই স্প্যানিশ লিগে রিয়াল-বার্সা আধিপত্যের অবসান ঘটানোটা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটলেটিকোর সভাপতি এনরিকে সেরেজো।স্প্যানিশ লিগের গত আটটি মৌসুমে পাঁচবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। তিনবার স্প্যানিশ লিগ শিরোপা গিয়েছে রিয়াল মাদ্রিদের ঘরে। লা লিগায় শিরোপা জয়ের লড়াইটা যে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মধ্যেই হবে, এটা যেন প্রতিষ্ঠিত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে এবারের মৌসুমে বার্সা ও রিয়ালের একক আধিপত্যের অবসান ঘটানোর পথে বেশ খানিকটাই এগিয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগের ১৭ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সেলোনা। ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। আর রিয়াল মাদ্রিদ শিরোপা জয়ের লড়াইয়ে পিছিয়ে পড়েছে বেশ খানিকটাই। ৩৩ পয়েন্ট নিয়ে গতবারের শিরোপাজয়ীরা আছে তৃতীয় স্থানে। স্প্যানিশ লিগে অ্যাটলেটিকোর এই উত্থানটা পুরো ফুটবলবিশ্বের জন্যই ইতিবাচক ব্যাপার বলে মনে করেন ক্লাবটির সভাপতি এনরিকে সেরেজো। তিনি বলেছেন, ‘এতদিন ধরে স্প্যানিশ লিগটা ছিল দুই ঘোড়ার দৌড়। কিন্তু এবারের মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ দারুণ সূচনা করেছে এবং এখন পর্যন্ত শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে। এটা শুধু অ্যাটলেটিকোর জন্যই না, বরং সব ফুটবলপ্রেমীদের জন্যই গুরুত্বপূর্ণ।’— ইএসপিএন