রিয়াল-বার্সা উত্তাপ এখনই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমে লা লিগার পর্দা উঠতে এখনো এক মাসের বেশি সময় বাকি। কিন্তু উত্তাপটা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। হোসে মরিনহোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বার্সেলোনা শিবির রীতিমতো তোপই দাগিয়েছে। গত মৌসুমে বার্সার তখনকার সহকারী কোচ টিটো ভিলানোভাকে আঙুল দিয়ে খোঁচা দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মরিনহো।স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) এ রায় নিয়ে তখন থেকেই বার্সা ক্ষুব্ধ। কারণ, ভিলানোভাকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তখন। আরএফইএফ অবশ্য ভিলানোভা, রিয়ালের দুই খেলোয়াড় মেসুত ওজিল আর মার্সেলোর পাশাপাশি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডেভিড ভিয়ার ওপর থেকেও। উত্তেজনার আগুন ছড়ানো গতবারের সুপার কাপের ম্যাচে এই তিনজনই দেখেছিলেন লাল কার্ড।সপ্তমবারের মতো চার বছরের জন্য আরএফইএফ সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গেল মারিয়া ভিয়ার। অতীতের মতো এবারও গত মৌসুমে শৃঙ্খলা ভাঙার কারণে নিষিদ্ধ অনেক খেলোয়াড় ও কোচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এর ফলে এবারের মৌসুম উদ্বোধন স্প্যানিশ সুপার কাপের দুই লেগের ম্যাচে গতবার লাল কার্ড দেখা তিন খেলোয়াড়ের খেলতে বাধা থাকল না। ডাগ আউটেও থাকতে পারবেন দুই কোচ। ভিলানোভা সহকারী থেকে পদোন্নতি পেয়ে বার্সার প্রধান কোচই হয়ে গেছেন।ভিলানোভা আর ভিয়াকে পাওয়ার সুখবর অবশ্য বার্সার কাছে গুরুত্ব পাচ্ছে না মরিনহোও ক্ষমা পেয়ে যাওয়ায়। সাবেক ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা থেকে শুরু করে বর্তমান প্রধান স্যান্দ্রো রসেল—সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বার্সার ওয়েবসাইটে ক্লাবের এক মুখপাত্র বলেছেন, ‘কোচের দিকে কোনো আক্রমণাত্মক আচরণ অবশ্যই শাস্তিযোগ্য। ব্যাপারটা আমরা এভাবেই বুঝি। এ সিদ্ধান্তের মানে এমন নয় যে আক্রমণকারী নিষ্পাপ, তবে এটা তাদের এমন একটা ধারণা দেবে, শাস্তির ভয় না থাকায় তারা অন্যদের ওপর আক্রমণ চালিয়ে যেতে পারবে।’ রয়টার্স ও ওয়েবসাইট।