রিয়াল বার্সা ঝড়ে উড়ে গেল বিলবাও আলমেইরা
আগামী সপ্তাহেই এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। মাঠের বাইরে কথার লড়াই তো বেশ কিছুদিন ধরেই চলছে, সে সঙ্গে মুখোমুখি হওয়ার আগে নিজেদের শক্তিমত্তার উপযুক্ত প্রমাণও যেন দিতে চাচ্ছে দুটি দল। তারই বহিঃপ্রকাশ দেখা গেল গতকালের লা লিগার ম্যাচগুলোতে। দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে যেন একে অপরকে সাবধান করে দিতে চাইলেন মেসি, রোনালদোরা। আর রিয়াল-বার্সার এ তোপের শিকার হতে হয়েছে আলমেইরা আর অ্যাথলেটিক বিলবাওকে। বার্সা সাইক্লোনে ভেসে গেছে আলমেইরা। নিজেদের মাঠে তারা হজম করেছে আটটি গোল। ১৯৫৯ সালের পর এটাই প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার সবচেয়ে বড় জয়। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ৫-১ গোলের তাণ্ডবের শিকার অ্যাথলেটিক বিলবাও। রিয়াল-বার্সার মতো মেসি-রোনালদো লড়াইও চলেছে সমান তালেই। পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে হ্যাটট্রিক করেছেন দুজনেই।বার্সা কোচ গার্দিওলা গতকাল তাঁর রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা জেরার্ড পিকের বদলে মাঠে নামিয়েছিলেন বার্সার যুবদলের খেলোয়াড় আন্দ্রেউ ফন্টাসকে। কিন্তু বেচারা ফন্টাস নিজের যোগ্যতা প্রমাণের সুযোগটুকুও পেলেন না। কারণ, মেসি-জাভি-ইনিয়েস্তারা বেশির ভাগ সময়ই বল চাপিয়ে যাচ্ছিলেন প্রতিপক্ষের দিকে। ১৭ মিনিটে আলমেইরার গোলমুখের দ্বার খুলে দিয়েছিলেন মেসি। দুই মিনিট পরেই প্রতিপক্ষের দুর্বল রক্ষণভাগের সুযোগটা বেশ ভালোমতোই কাজে লাগিয়েছেন ইনিয়েস্তা। ২৭ মিনিটের মাথায় নিজেদের জালেই বল পাঠিয়েছেন আলমেইরার ডিফেন্ডার সান্টিয়াগো। ৩৫ আর ৩৭ মিনিটে পেদ্রো আর মেসি আরও দুটি গোল করে প্রথমার্ধের পালা শেষ করেন। দ্বিতীয়ার্ধে পেদ্রোর বদলি হিসেবে নেমে আরও একবার নিজেকে চিনিয়েছেন বোজান কিরকিচ। ৬২ আর ৭৩ মিনিটে দুটি গোল উপহার দিয়েছেন বার্সেলোনাকে। মাঝে ৬৭ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিকটা পূর্ণ করতে ভোলেননি মেসি। ডেভিড ভিয়াও যুক্ত হতে পারতেন বার্সার এ গোল উত্সবে। কিন্তু শেষ মুহূর্তে একটি সহজ সুযোগ মিস করেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।দুই ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় এই ম্যাচেও রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ছিলেন না জোসে মরিনহো। কিন্তু দর্শক সারিতে বসে খুব বেশি উত্কণ্ঠিত থাকতে হয়নি তাঁকে। ১৯ মিনিটেই রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ মুহূর্তে ফার্নান্দো লরেন্তে বিলবাওয়ের পক্ষে একটি গোল পরিশোধ করেন। এরপর অবশ্য গোল করার মতো আর কোনো ভালো সুযোগ পায়নি তাঁরা। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সার্জিও র্যামোস। ৬২ ও ৯০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।