রিয়াল-বার্সা মাঠে এক
রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু তৃতীয় আরেক রাজার লাভও হয় নিশ্চয়ই! না হলে দুই ম্যানচেস্টারের লড়াইয়ের ফায়দা কেন লুটবে চেলসি? পরশু ম্যানইউ-ম্যান সিটি ম্যাচ ড্র হওয়াতেই শীর্ষে থাকা চেলসি (২৮) চার পয়েন্ট এগিয়ে গেল দুইয়ে থাকা ম্যানইউর (২৪) চেয়ে। অবশ্য এর আগে কার্লো আনচেলত্তির দলকে জিততে হয়েছে লন্ডন ডার্বি।উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পয়েন্ট টেবিলে তিনে থাকা আর্সেনাল। উইগানের সঙ্গে ১-১ গোলে ড্র করে আবারও হতাশার বৃত্তে ঢুকে গেছে আগের ম্যাচে চেলসিকে হারানো লিভারপুল।ওদিকে ইতালিয়ান লিগে ইন্টার মিলানের ড্রয়ের রাতে ফায়দা লুটেছে এসি মিলান। পালের্মোকে ৩-১ গোলে হারিয়ে নয় ম্যাচ পর শীর্ষে উঠেছে তারা। স্প্যানিশ ফুটবলে এদিন ছিল কোপা ডেল রের খেলা। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দুই দলই পেয়েছে ৫-১ গোলের জয়। প্রথম লেগে রিয়াল মুর্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করার পর আবারও ৩২ দলের রাউন্ড থেকে বিদায় নেওয়ার শঙ্কার সামনে ছিল রিয়াল। কিন্তু গ্রানেরো, হিগুয়েইন, রোনালদো, বেনজেমা ও আলোনসোর গোলে শেষ ষোলোতে নাম লেখাল সর্বশেষ ১৯৯৩ সালে এই ট্রফি জেতা রিয়াল। বার্সাও একক কোনো নৈপুণ্যে গোল-বন্যায় ভাসায়নি সিউতাকে। গোল করেছেন নলিতো, গ্যাবি মিলিতো, পেদ্রো, কিরকিচ ও মেসি। ২০০৯ সালের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বার্সার চেয়ে রিয়ালের কাজটাই ছিল কঠিন। গতবার এই ৩২ দলের রাউন্ড থেকে তৃতীয় বিভাগের দল অ্যালকরকনের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এসব মাথায় রেখেই হোসে মরিনহো ম্যাচের আগে ঘোষণা দিয়েছিলেন, এটাই হবে তাঁর জন্য সবচেয়ে কঠিন ম্যাচ।সেই ‘কঠিন’ ম্যাচ সহজেই জিতে নিয়েছে রিয়াল। কিন্তু পারেনি ম্যানইউ। অ্যালেক্স ফার্গুসনও ম্যানচেস্টার ডার্বিতে তাঁর কঠিন লড়াই হিসেবেই আখ্যা দিয়েছিলেন। দুই দলের সমানে সমান লড়াইয়ে ফলটাও হলো এক পয়েন্টে ভাগাভাগি।পয়েন্ট ভাগের শঙ্কায় ছিল চেলসিও। ফুলহাম কিন্তু পয়েন্ট টেবিলে দুই দলের মাঝখানের ১৪ সারির ব্যবধানটি খুব একটা বুঝতে দেয়নি। বরং স্টামফোর্ড ব্রিজে মাঝেমধ্যেই চোখ রাঙাচ্ছিল। ৩০ মিনিটে মাইকেল এসিয়েনের দুর্দান্ত হেডেই ম্যাচের ফল ঠিক হয়ে গেছে। জয়ের নায়ক ঘানাইয়ান মিডফিল্ডার আবার ম্যাচের শেষ প্রান্তে দেখেছেন লাল কার্ডও।ম্যাচের প্রথম ও শেষ মিনিটে মারুয়ানে চামাখের গোলে জিতেছে আর্সেনাল। ওদিকে উইগানের মাঠে আবারও দারুণ শুরু করেছিলেন ফার্নান্দো তোরেস। ৭ মিনিটেই এগিয়ে দিয়েছিলেন লিভারপুলকে। আট মাসের মধ্যে এই প্রথম অ্যাওয়ে ম্যাচে গোল করলেন এই স্প্যানিয়ার্ড। কিন্তু লাভ হলো না। ৫২ মিনিটে গোলটা ঠিকই শোধ করে দিয়ে লিভারপুলকে নয়ের ঘরেই রাখল উইগান।ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টারকেও। ৭৬ মিনিটে ডিয়েগো মিলিতোর গোলে এগিয়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু তিন মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন রুবেন অলিভিয়েরা। শেষ পর্যন্ত জয় পেলেও ৭৬ মিনিট পর্যন্ত কিন্তু নিজেদের মাঠে ১-১ সমতাই ছিল মিলানের। পেনাল্টি থেকে গোল করে ২-১-এ এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। বদলি হিসেবে নামার তিন মিনিটের মাথায় গোল করে রবিনহো প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবি জোরালো করেন। মিলানের প্রথম গোলটি এসেছিল আরেক ব্রাজিলিয়ান পাতোর হেডে, ১৯ মিনিটে। ওয়েবসাইট।