রিয়াল-বার্সাই সেরা: মরিনহো
স্প্যানিশ লিগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দীর্ঘদিন ধরেই তারা নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছে লা লিগার শিরোপা। তবে শুধু স্পেনের ঘরোয়া ফুটবলেই নয়, এ মুহূর্তে স্প্যানিশ লিগের এই দুই জায়ান্টকে গোটা ফুটবল বিশ্বেরই সেরা দল বলে ঘোষণা দিয়েছেন হোসে মরিনহো। অন্য যেকোনো দল স্প্যানিশ লিগে খেলতে এলে পয়েন্ট তালিকায় রিয়াল-বার্সার পেছনেই থাকবে বলে মন্তব্য করেছেন এ সময়ের অন্যতম সফল এই কোচ।ইউরোপিয়ান ফুটবলের শেষ মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা জিতিয়েছেন মরিনহো। তবে এবারের মৌসুম শুরুর আগে তিনি আবার ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইতালয়ীয় লিগে ফিরে যেতে পারেন বলে গুজব উঠেছিল। তবে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন এই পর্তুগিজ কোচ। কারণ, এ সময়ের শীর্ষ দুই দলের লড়াইটা উপভোগ করতে চান তিনি। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাত্কারে মরিনহো বলেছেন, ‘বিশ্বের যেকোনো দলই স্প্যানিশ লিগে খেলতে এলে বড়জোর তৃতীয় স্থানটাই দখল করতে পারবে। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি—যেকোনো দল স্প্যানিশ লিগে খেলতে গেলে তৃতীয়ই হবে। কারণ, এই লিগে খেলে এ সময়ের সেরা দুটি দল। অন্যদের সঙ্গে তাদের ব্যবধানও অনেক বেশি।’চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি স্প্যানিশ লিগে বরাবরই চলে আরও একটি লড়াই। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ। এবারও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা কার হাতে উঠবে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এ বছরের ব্যলন ডি’অর জয়ের ক্ষেত্রেও জোর লড়াই চলছে রোনালদো ও মেসির মধ্যে। তবে মরিনহোর মতে, পুরস্কারটা তাঁর শিষ্য রোনালদোর হাতেই দেওয়া উচিত। কারণ, দীর্ঘদিন পরে রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা জয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন পর্তুগিজ এই স্ট্রাইকার। মরিনহো বলেছেন, ‘আমার কাছে যে কোনো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে, তার হাতেই পুরস্কারটা যাওয়া উচিত।’ রোনালদো লা লিগা শিরোপা জয়ের পেছনে রেখেছেন বিশাল অবদান। ইতিহাস ঘাঁটলেও দেখা যাবে যে বড় কোনো শিরোপা জয়ের পরই কেউ ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা পেয়েছে।রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বছর শিরোপা জয়ের দেখা পাননি মরিনহো। তবে ইউরোপীয় ফুটবলের শেষ মৌসুমে বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার শিরোপা জিতেছেন ‘স্পেশাল ওয়ান’।