রিয়াল-বার্সাকে হুঁশিয়ারি
সাবধান রিয়াল মাদ্রিদ! সাবধান বার্সেলোনা! স্প্যানিশ লিগের শিরোপা প্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সাকে সাবধান করে দিয়েছে তাদের আজকের দুই প্রতিপক্ষ সেভিয়া ও আলমেরিয়া। বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে সেভিয়া। আর আলমেরিয়ার মাঠে খেলবে বার্সেলোনা। তবে খেলা যেখানেই হোক, সেভিয়া-আলমেরিয়ার খেলোয়াড়দের কণ্ঠে অভিন্ন সুর। সেভিয়া রিয়ালকে এবং আলমেরিয়া বার্সাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে—আজ অঘটন ঘটাতে চায় তারা। ২৪ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে সেভিয়া। শিরোপার আশা কার্যত শেষ। চারের মধ্যে থেকে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াই এখন তাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে এখন থেকেই পয়েন্ট না হারানোর দিকে মনোযোগী হতে হবে তাদের। রিয়ালের বিপক্ষেও পয়েন্ট না হারানোর লক্ষ্যেই মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছে সেভিয়া। তবে স্প্যানিশ লিগের সর্বশেষ দুই ম্যাচে ১১ গোল করা রিয়ালের (২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে) বিপক্ষে অঘটন ঘটানো কি সহজ হবে? সহজ যে হবে না সেটি ভালো করেই জানেন সেভিয়া মিডফিল্ডার ডিয়েগো পেরোত্তিও। তবে তাঁর একটা বিশ্বাসও আছে, ‘সর্বোচ্চ পর্যায়ে খেলা সব দলই যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। মৌসুমের প্রথমে আমরা খুব ভালো খেলেছি। এখন আমাদের তিন পয়েন্ট পাওয়ার জন্য লড়তে হবে।’আর রিয়ালকে আটকাতে হলে কী করতে হবে সতীর্থদের কানে সেই মন্ত্রও জপে দিয়েছেন এই আর্জেন্টাইন, ‘তাদের মূল খেলোয়াড়দের আটকে রাখতে হবে। হিগুয়েইন ভালো খেলছে। কাকা আর রোনালদোও। আমাদের খুব সাবধানী হতে হবে। সুযোগ পেলেই তা কাজে লাগাতে হবে।’আলমেরিয়াও ঠিক একই মন্ত্র জপছে ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে আটকাতে। রিয়ালের মতো বার্সেলোনায়ও আছে ম্যাচ জেতানো একাধিক খেলোয়াড়। লিওনেল মেসি সেখানে আপন মহিমায় ভাস্বর। আছেন জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো প্লে-মেকার। কিন্তু আলমেরিয়ার (২৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে) ডিফেন্ডার চিকো বিশেষ করে বললেন জাভির কথা, ‘আমরা সবাই জানি বার্সা বল পজেশনে কত ভালো। আর তারা এ রকম খেলে মূলত জাভির কারণেই। আমরা যদি তাকে আটকে রাখতে পারি, তাহলে তার চারপাশে থাকা অন্যদের ওপরেও এর প্রভাব পড়বে। আর সেটা হলেই তো বলের দখল নিতে লড়াই করতে হবে বার্সেলোনার।’ ইতালি সিরি ‘আ’র শীর্ষে থাকা ইন্টার মিলানের আজ কোনো খেলা নেই। তবে আজকের একটি ম্যাচ তারিয়ে উপভোগ করবে হোসে মরিনহোর দল। রোমের স্টাডিও অলিম্পিকোয় আজ মুখোমুখি হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দল এসি মিলান (৫৪ পয়েন্ট) ও এএস রোমা (৫১)। এই ম্যাচের পর ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টারের কাছে থাকবে কেবল একদল—ইন্টারের চিন্তাটা এমনই।ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে বড় দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ম্যানইউর ম্যাচটি উলভসের সঙ্গে উলভসের মাঠে। আর আর্সেনাল নিজেদের মাঠে খেলবে বার্নলির বিপক্ষে। এএফপি।