রিয়াল-বার্সার অন্য লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দ্বৈরথটা বহু পুরোনো। লড়াই চলে মাঠে এবং মাঠের বাইরে। স্পেনের সেরা দুই ক্লাবের এই লড়াই হররোজ আসে খবরের শিরোনাম হয়ে। আরেকটি স্প্যানিশ লিগে এই দুদলের শিরোপা লড়াই শুরু হতে আর বাকি মাত্র কদিন, এর আগে রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে দলবদলের বাজারে।শুরু হতে যাওয়া নতুন মৌসুমে মাঠের বাইরের এ লড়াইয়ে আপাতত এগিয়ে বার্সেলোনা। বিশ্বকাপের ঠিক আগে ৪০ মিলিয়ন ইউরো দিয়ে ভ্যালেন্সিয়া থেকে ডেভিড ভিয়াকে নিয়ে নিয়েছে কাতালান ক্লাবটি। ‘ভিয়াকে দলে ভিড়িয়ে বার্সা এগিয়ে গেল’—দলবদল নিয়ে আলোচনায় এখন পর্যন্ত এই বাক্যটিই বেশি শোনা যাচ্ছে। রিয়াল তাহলে পিছিয়ে পড়ল!হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে স্প্যানিশ শিরোপা জিতেছিল বার্সেলোনা। তবে দলবদলের বাজারের লড়াইয়ে গত মৌসুমে জিতেছিল রিয়ালই। ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েছিল। ইতালির দুই পরাশক্তি এসি ও ইন্টার মিলান থেকে কাকা আর জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকা দলে ভিড়িয়েছিল রিয়াল। প্রায় পুরো মৌসুমেই এই তারকাদের নিয়ে আলোচনা ছিল। এবার মনে হচ্ছে, দলবদলের বাজারে রিয়ালকে ফাঁকা মাঠ ছেড়ে দিতে চায় না বার্সা। তারা যে প্রস্তুত, সেটি বোঝা যাচ্ছে ক্লাবের এই বিবৃতিতে, ‘ক্লাব প্রতি মৌসুমে প্রায় ৫০ মিলিয়ন ইউরো করে নতুন খেলোয়াড়দের পেছনে ব্যয় করছে।’ থিয়েরি অঁরি, ইয়াইয়া তোরে আর দিমিত্রোরা দল ছেড়ে যাওয়ায় এবার অবশ্য নতুন খেলোয়াড় নিতেই হচ্ছে বার্সাকে। কেউ চলে যাবে, কেউ আসবে। দলবদল মানেই যাওয়া-আসার খেলা! রিয়াল মাদ্রিদে এ মৌসুমে নতুন কোচ যোগ দেওয়ায় দলে যাওয়া-আসাটা একটু বেশিই হওয়ার কথা। এরই মধ্যে বেনফিকা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। গেটাফে থেকে এসেছেন আরেক উইঙ্গার পেদ্রো লিয়নও। শোনা যাচ্ছে, চেলসি থেকে অ্যাশলি কোলও রিয়ালে যেতে পারেন। ইন্টার মিলানের সাবেক কোচ মরিনহো রিয়ালে নিয়ে আসতে চাইছেন তাঁর পুরোনো শিষ্য ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন ও ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে। ইন্টার মিলান অবশ্য ‘এ দুজন বিক্রির জন্য’ নয় ট্যাগ লাগিয়ে দিয়েছে মাইকন ও বালোতেল্লির পিঠে।কে জানে, মৌসুম শুরু হওয়ার আগে দলবদলের লড়াইটা শেষ পর্যন্ত কে জেতে—রিয়াল না বার্সা! এএফপি, ওয়েবসাইট।