রিয়াল-বার্সার অন্য লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের লড়াই শেষ। ‘এল ক্লাসিকো’ চলছে এবার মাঠের বাইরে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অবতীর্ণ হয়েছে আরেক ‘ধ্রুপদি’ লড়াইয়ে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ঘটে যাওয়া অপ্রীতিকর বিষয় নিয়ে একে অন্যকে করছে দোষারোপ। দুই দলই উয়েফার দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।লিওনেল মেসির অসাধারণ দুটি গোলে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার কিনারায় দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু পরাজয়টা কিছুতেই মেনে নিতে পারেনি নয়বারের ইউরোপ-সেরা দলটি। ম্যাচের পর রাগ আর ক্ষোভ উগরে দিতে গিয়ে বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে জড়িয়ে নানা কথা বলেছেন রিয়াল কোচ হোসে মরিনহো। তাঁর দৃষ্টিতে পরাজয়ের কারণ রেফারির বার্সার প্রতি পক্ষপাত।বার্সেলোনা কোচ গার্দিওলার ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ জয়টাও উয়েফার আনুকূল্যে এসেছে দাবি করে মরিনহো বলেছেন, ‘গার্দিওলা ভালো কোচ। তবে সে যে একটা চ্যাম্পিয়নস লিগ জিতেছে সেটা আমাকে বিব্রত করে। কারণ স্টামফোর্ড ব্রিজের কলঙ্ক (২০০৯-এর সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল চেলসি এবং মরিনহোর দাবি সেই ম্যাচে রেফারি চেলসিকে ৪টি পেনাল্টি বঞ্চিত করেছেন) গায়ে মেখেছে ওই শিরোপা।’বার্সেলোনা এই অপবাদ নতমস্তকে মেনে নেওয়ার দল নয়। মরিনহোর এই প্রতিক্রিয়ার জবাব মুখে না দিয়ে উয়েফার কাছে নালিশ করার প্রস্তুতি নিচ্ছে। মরিনহোর এই উদ্ধত আচরণের সঠিক বিচার দাবি করতেই তাদের এই উদ্যোগ।বার্সেলোনার মুখপাত্র টনি ফ্রেইজা সাংবাদিকদের বলেছেন, ‘কথার লড়াই যখন সীমা অতিক্রম করে যায়, তখন তো আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতেই হবে। মরিনহো গতকাল (পরশু) সীমা অতিক্রম করে গেছেন।’ বার্সেলোনার শক্তির উৎস কোথায়? সাংবাদিকদের উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মরিনহো, নিজেই আবার এর উত্তর দিয়েছেন—হয়তো ইউনিসেফের সঙ্গে সম্পর্ক। ফ্রেইজা বলেছেন, ‘কেউ আমাদের শিরোপা নিয়ে প্রশ্ন তুলবে, ইউনিসেফের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলবে; এটা গ্রহণ করা যায় না।’উয়েফাও মরিনহোর উদ্ধত আচরণ মেনে নিতে পারেনি। উয়েফা বার্সার প্রতি পক্ষপাত করে আসছে—মরিনহোর এই কথাটা খেপিয়ে তুলেছে উয়েফাকেও। মরিনহোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে এর তদন্ত করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।এদিকে রিয়াল মাদ্রিদও চুপচাপ বসে নেই। বার্সেলোনার বিপক্ষে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে তারাও। বার্সেলোনার খেলোয়াড়েরা বুধবারের ম্যাচে অতিরিক্ত ‘ডাইভ’ দিয়েছে এবং রেফারিকে বাধ্য করেছে পেপেকে লাল কার্ড দেখাতে, বার্সেলোনার খেলোয়াড়েরা অখেলোয়াড়ি মনোভাব দেখিয়েছে—এসবই রিয়ালের অভিযোগ। মাঠের লড়াইটা তো জিতেছে বার্সেলোনা। এবার দেখা যাক, মাঠের বাইরের এল ক্লাসিকোতে কোন দল জেতে। এটা দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে মে মাসের ৬ তারিখ পর্যন্ত। এদিনই তদন্তের ফল প্রকাশ করবে উয়েফা। এএফপি, রয়টার্স।