রিয়াল-বার্সার আগুন স্পেন দলেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ‘মরিনহো যা করেছেন, সেটা যে শোভন নয়, এটা ফুটবলপিয়াসীরাই বলুক’—বার্সা শিবিরের কথার সুর এ রকম। খবরটা শুনে হয়তো স্বস্তি পেয়েছেন হোসে মরিনহো। তবে সেদিন মাঠে যা ঘটেছে, তা নিয়ে স্বস্তিতে নেই স্পেনের ফুটবল। রিয়াল-বার্সার অস্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতার আগুন স্পেনের জাতীয় দলেও ছড়িয়ে পড়তে পারে বলে ভয় অনেকের।বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোজেল পরশু বলেছেন, ‘মরিনহোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত বাতিল করেছি আমরা। মানুষই এ ব্যাপারে মতামত দিক। ওই লোকটা (মরিনহো) যা করেছে সেটা যে ঠিক নয়, এ বিষয়ে সবাই পরিষ্কার। স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিজে থেকে যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে নিতে পারে।’ সর্বশেষ খবর, স্প্যানিশ ফুটবল ফেডারেশন মরিনহোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। রোজেল যতই দুশ্চিন্তা কমাতে চান, এরই মধ্যে নতুন দুশ্চিন্তার পাকে পড়ে গেছে স্পেনের ফুটবল। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াইটা এত দিন শান্তিপূর্ণ আর স্বাস্থ্যকর প্রতিযোগিতাই ছিল। কিন্তু পর্তুগিজ মরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পরই সবকিছু কেমন যেন বদলে গেল। গত ছয়টি ‘এল ক্লাসিকো’র প্রায় প্রতিটিতেই কিছু না কিছু ঝামেলা হয়েছে। এই ঝামেলার আগুন না আবার জাতীয় দলে ছড়িয়ে পড়ে! মালাগার স্প্যানিশ মিডফিল্ডার সান্তিয়াগো কাজোরলা লা নুয়েভা স্পানা পত্রিকাকে বলেছেন, ‘জাতীয় দলে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত অবশ্য কোনো অসুবিধা নেই, দলের আবহ ভালো। তবে এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকলে জাতীয় দলে এর প্রভাব পড়তে পারে এবং দলের আবহ ক্ষতিগ্রস্ত হতে পারে।’ এএফপি, রয়টার্স।