রিয়াল-বার্সার ঘাম ঝরানো জয়
একই দিনে নিয়তি যেন এক সুতায় গাঁথতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে। দুই দলই এদিন অভিন্ন পথে হাঁটল নিজেদের ৯০ মিনিটে। পেনাল্টিতে গোল খেয়ে দুই দলই প্রথমে পিছিয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে তুলে নিয়েছে জয়। নিজেদের মাঠে স্পোর্টিং গিজনকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। লেভান্তেকে তাদের মাঠে ২-১ গোলে বার্সেলোনা। ফলে ৪ পয়েন্টে ব্যবধান নিয়েই স্প্যানিশ লিগের পরের ম্যাচ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে এই দুই দল। বার্সার দুটি গোলই লিওনেল মেসির। রিয়ালের পক্ষে এক গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লেভান্তের মাঠে বার্সার কাজ যে সহজ হবে না, সেটা অনুমিতই ছিল। লেভান্তে এবারের লিগে প্রায় সবাইকেই বিস্ময় উপহার দিয়েছে। ক্ষণিকের জন্য হলেও একসময় শীর্ষেও ছিল ভ্যালেন্সিয়ার ক্লাবটি। তবে নিজেদের মাঠে স্পোর্টিংকে হারাতে রিয়ালের ঘাম ছুটবে, তা ছিল কল্পনাতীত। স্পোর্টিং অবশ্য গত মৌসুমেও রিয়ালকে বেশ ভুগিয়েছে। রিয়ালের মাঠে রিয়ালকেই তারা হারিয়েছিল মিগুয়েল কুয়েভাসের গোলে। যেটি ছিল লিগে নয় বছরের মধ্যে নিজের মাঠে হোসে মরিনহোর প্রথম পরাজয়!পরশুও সেই কুয়েভাস পেনাল্টি থেকে গোল স্পোর্টিংকে এগিয়ে নেওয়ার পর ৭৪ মিনিট পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু ড্রয়ের শঙ্কাতেই কেঁপেছে। ৩০ মিনিটে খাওয়া পেনাল্টি গোলটি সাত মিনিটের মধ্যেই শোধ করে দেন গঞ্জালো হিগুয়েইন। কিন্তু জয়সূচক গোলের দেখা আর পাচ্ছিল না রিয়াল। অবশেষে শেষ ১৫ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করেছে স্বাগতিকেরা। ৭৪ মিনিটে দুশ্চিন্তা দূর করে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ লিগে ৪১ নম্বর গোলটি করে ভেঙে দেন এক মৌসুমে নিজের গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড। আট মিনিট পর ম্যাচের ভাগ্য করে দেওয়া গোলটি করেন করিম বেনজেমা। রেকর্ড ভেঙেও রোনালদো স্বস্তিতে থাকতে পারছেন না। কারণ এদিন মেসিও লা লিগায় নিজের গোল ৪১-এ নিয়ে গেছেন। দারুণ পাসিং ফুটবল, কিন্তু ধারহীন আক্রমণ—এই মৌসুমে অ্যাওয়ে ম্যাচে বার্সার পরিচিত রোগটা পরশু আবারও যখন পেয়ে বসেছিল, মেসিই ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। দারুণ বোঝাপড়ার ফসল হিসেবে ৬৪ মিনিটে এসেছে সমতা ফেরানো গোলটি। ৭২ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছেন মেসি। যদিও এই পেনাল্টি নিয়ে তীব্র আপত্তি ছিল লেভান্তের। অবশ্য এর আগে ও পরে বার্সেলোনার দুটো পেনাল্টির আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। বক্সে লেভান্তের এক খেলোয়াড় হাতে বল লাগিয়েও বেঁচে গেছেন। পরে আন্দ্রেস ইনিয়েস্তাকে বক্সে ফেলে দিয়েও পেনাল্টির সাজা পায়নি লেভান্তে। গিজনের পাওয়া পেনাল্টি নিয়েও তীব্র আপত্তি ছিল রিয়ালের। রিপ্লেতে সার্জিও রামোসের অপরাধটা পরিষ্কার বোঝা যায়নি। এএফপি, রয়টার্স।