রিয়াল-বার্সার জয়হীন রাত
স্প্যানিশ লা লিগায় জয়হীন একটা রাত কাটল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। গতকাল শনিবার রাতে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা। অপর ম্যাচে জারাগোজার সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল।রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—উভয় দলই কাল ড্র করায় তাদের মধ্যে পয়েন্টের ব্যবধানটা আগের মতোই রইল (১৩)। লিগের শীর্ষে থাকা বার্সার ২৯ ম্যাচে অর্জন ৭৫ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল।শক্তির বিচারে বার্সার চেয়ে যোজন-যোজন পিছিয়ে সেল্টা। তবে ঘরের মাঠে সেল্টা যে ভয়ংকর, সেটা প্রমাণিত হলো আরেকবার। ম্যাচের ৩৮ মিনিটে ন্যাক্সো ইনসার গোলে এগিয়ে যায় সেল্টা। এর পাঁচ মিনিট পরই লিওনেল মেসির সহায়তায় বার্সাকে সমতায় ফেরান তেল্লো। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।খেলার ৭৩ মিনিটে বার্সাকে আবার এগিয়ে দেন লিওনেল মেসি। এ গোলে সহায়ক ছিলেন তেল্লো। এগিয়ে গিয়েও শেষ হাসিটা অবশ্য হাসতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। ৮৮ মিনিটে গোল করে ম্যাচের স্কোরলাইন ২-২ করেন সেল্টার মিডফিল্ডার ওবিনা।বার্সার মতোই জারাগোজার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল রিয়াল। খেলার ছয় মিনিট যেতে না যেতেই জারাগোজাকে এগিয়ে দেন স্ট্রাইকার রদ্রি। ৩৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার বাকি সময়ে গোলের দেখা পায়নি জারাগোজা বা রিয়ালের কেউই।লিগে ব্যক্তিগত নৈপুণ্যে শীর্ষে থাকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩-এ। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পর্তুগিজ উইঙ্গার রোনালদোর গোলসংখ্যা ২৮। সূত্র রয়টার্স।