রিয়াল-বার্সার দুর্দিনে আতলেতিকো উড়ছেই

লিগ শিরোপার স্বপ্ন দেখছে আতলেতিকো।ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থা তেমন ভালো নয়। গত রাতে প্রতিপক্ষ গোলরক্ষকের আত্মঘাতী গোলের সুবাদে কোনো রকমে সেভিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেলেও, রিয়াল কোচ জিনেদিন জিদান এখনো চাকরি হারাতে পারেন যেকোনো মুহূর্তে। ওদিকে চ্যাম্পিয়নস লিগে ভালো অবস্থানে থাকা বার্সেলোনার লিগের ফর্ম একদম যাচ্ছেতাই। লিগের দুই বড় দলের ক্রমাগত ব্যর্থতার সুযোগ নিয়ে ওদিকে বেশ নীরবে-নিভৃতেই নিজেদের কাজটা ঠিকঠাক করে যাচ্ছে আতলেতিকো মাদ্রিদ।

অবশেষে করোনা বেগেটিভ হয়েছেন সুয়ারেজ।
ছবি : রয়টার্স

গত রাতে রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো। গোল দুটি করেছেন ফরাসি উইঙ্গার টমাস লেমার ও স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে। দশ ম্যাচ শেষে এই নিয়ে ২৬ পয়েন্ট পাওয়া হয়ে গেল আতলেতিকোর। এক মিনিটের জন্যও লিগে শীর্ষস্থান হাতছাড়া করেনি তারা এবার। তা–ও অন্য যেকোনো দলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে আতলেতিকো। হাতে থাকা ম্যাচটা জিতলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যাবে ডিয়েগো সিমিওনের দল। লিগে এই নিয়ে গত ২৬ ম্যাচ ধরে অপরাজিত আছে দলটা। ২০১৪ সালের পর এই নিয়ে প্রথমবারের মতো টানা সাত ম্যাচ জিতল আতলেতিকো।

এই ম্যাচের মধ্য দিয়ে আবারও দলে ফিরেছেন বার্সা থেকে এই মৌসুমেই আতলেতিকোতে যোগ দেওয়া উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পাওয়ামাত্রই মাঠে নেমে গেছেন তিনি। গোল করতে না পারলেও দলকে জেতাতে সাহায্য করেছেন সুয়ারেজ। ওদিকে ইংলিশ রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ের দুটি গোলেই সহায়তা করেছেন। আতলেতিকোর জার্সি গায়ে এই নিয়ে প্রথম এক ম্যাচে দুবার গোল সহায়তা করলেন ট্রিপিয়ের। লা লিগায় ইংলিশ খেলোয়াড়দের মধ্যে এই কৃতিত্ব ট্রিপিয়েরের আগে ছিল শুধু ডেভিড বেকহামের। রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার প্রায় দেড় দশক আগে যে রেকর্ডটা করেছিলেন ভিয়ারিয়ালের বিপক্ষে। ২০১৯ সালের এপ্রিলের পর এই প্রথম গোল পেয়েছেন দলের ফরাসি উইঙ্গার টমাস লেমার।

সিমিওনের অধীনে দল যেন গোলই খাচ্ছে না।
ছবি : রয়টার্স

চোখে পড়ছে আতলেতিকোর রক্ষণভাগের দুর্দান্ত ফর্ম। চোটের কারণে দলের উরুগুইয়ান সেন্টারব্যাক হোসে জিমেনেজ এই বছর আর মাঠে নামতে পারবেন না, তো কী হয়েছে? আতলেতিকোর রক্ষণে তাতে বিন্দুমাত্র চিড় ধরেনি। লিগের দশ ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছে সিমিওনের দল। লিগের এই পর্যায়ে এত কম গোল খাওয়ার রেকর্ড সর্বশেষ দেখিয়েছিল দেপোর্তিভো লা করুনিয়া, তা–ও আবার সেই ১৯৯৩-৯৪ মৌসুমে। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের এক বহুল চর্চিত উক্তি আছে, ‘আক্রমণভাগ আপনাকে ম্যাচ জেতাবে, রক্ষণভাগ জেতাবে শিরোপা।’ সেই উক্তিকেই যেন আপ্তবাক্য মেনেছেন সিমিওনে!

১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান পয়েন্ট তালিকার তিন নম্বরে। ওদিকে বার্সেলোনার অবস্থা আরও খারাপ। গত রাতে আবারও হারা এই দলটা ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার সাত নম্বরে। একজন টুইটার ব্যবহারকারী আতলেতিকোর ফর্ম ও রিয়াল-বার্সার দুর্দশা দেখে লিখেছেন, ‘এবার লিগ জিততে না পারলে আর লিগ জিততে পারবে না আতলেতিকো।’

তিন দলের যা অবস্থা, কথাটাকে ভুল বলার উপায় নেই তেমন!