রিয়াল-বার্সার বড় জয়
ঘরের মাঠে দুর্দান্ত এক রাত কাটল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। গতকাল শনিবার রাতে স্পেনের এই দুই শীর্ষ ক্লাবের উভয়েই পেয়েছে বড় জয়। ন্যু ক্যাম্পে বার্সেলোনা ৩-১ গোলে হারায় সেল্টা ভিগোকে। এর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে জারাগোজাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল।রিয়াল-বার্সার জয়ের রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে লা লিগার পয়েন্ট তালিকায় এখন এককভাবে শীর্ষে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গতকালের আগ পর্যন্ত বার্সা ও অ্যাটলেটিকো উভয়েরই পয়েন্ট ছিল ২৫।শীর্ষে থাকা বার্সার ১০ ম্যাচে নয়টি জয়, অর্জন ২৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও রিয়াল ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।এক দিন আগে বাবা হওয়া লিওনেল মেসি গতকাল শুরু থেকেই মাঠে ছিলেন। কিন্তু গোলের দেখা পাননি আর্জেন্টাইন এই সুপারস্টার। মেসির মতো গোলের দেখা পাননি রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোও। ব্যক্তিগত গোলের দিক থেকে শীর্ষস্থানটা অবশ্য এখনো মেসির (১৩)। দ্বিতীয় স্থানে থাকা রোনালদোর গোলসংখ্যা ১১। এক গোল কম নিয়ে তাঁর ঠিক পরের অবস্থানে আছেন অ্যাটলেটিকো স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।জারাগোজার বিপক্ষে রিয়ালের হয়ে গোলের সূচনা করেন গঞ্জালো হিগুয়েইন, খেলার ২৩ মিনিটে। এর ঠিক দুই মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এর পর গোলের দেখা মিলছিল না কিছুতেই। ২-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। গোলের দেখা মিলছিল না দ্বিতীয়ার্ধেও। তবে শেষ পর্যন্ত দেখা মেলে খেলার একেবারে অন্তিম মুহূর্তে গিয়ে। তা-ও আবার একটি নয়, মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি। খেলার ৮৯ মিনিটে গোল করেন মাইকেল এসিয়েন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৪-০ করেন লুকা মডরিচ।বার্সেলোনা-সেল্টার ম্যাচে গোলের সূচনা করেন বার্সার আদ্রিয়ানো, খেলার ২১ মিনিটে। এর তিন মিনিট পর খেলায় সমতা ফেরান সেল্টার বারমেজো। কিন্তু সেল্টাকে বেশিক্ষণ সমতায় থাকতে দেননি ডেভিড ভিয়া। এর মাত্র দুই মিনিট পরই বার্সাকে এগিয়ে দেন তারকা এই স্ট্রাইকার। খেলার ৬১ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন বার্সার জর্ডি আলবা। খেলার বাকি সময়ে গোলের দেখা পায়নি বার্সা বা সেল্টার কেউই। রয়টার্স।