রিয়াল-বার্সার সহজ জয়
প্রতিপক্ষ সহজ ছিল। এর ওপর ঘরের মাঠ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জয়টাও এসেছে সহজেই। ন্যু ক্যাম্পে গতকাল শনিবার রাতে রিয়াল জারাগোজাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। আর সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিক বিলবাওকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল।এই ম্যাচে জোড়া গোল এসেছে লিওনেল মেসির পা থেকে। তবে রিয়ালের বড় জয়ের রাতে গোলবঞ্চিত থাকেন দলটির প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো।জারাগোজার বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় বার্সা। গোলদাতা লিওনেল মেসি। তবে আট মিনিট যেতে না যেতেই সমতায় ফেরে জারাগোজা। খেলার ২৮ মিনিটে বার্সাকে আবারও এগিয়ে দেন অ্যালেক্স সং। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্প্যানিশ জায়ান্টরা। খেলার ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান মেসি।রিয়ালের বিপক্ষে ম্যাচে বিলবাওয়ের দুজন খেলোয়াড় গোল করেন। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী। তাও আবার ম্যাচের প্রথম গোল। বাজে শুরুর এ ধাক্কা কখনোই সামলে উঠতে পারেনি বিলবাও। রিয়ালের হয়ে সার্জিও র্যামোস, করিম বেনজেমা, মেসুত ওজিল ও স্যামি খেদিরা প্রত্যেকে একটি করে গোল করেন।গতকালের জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সার ১২ ম্যাচে অর্জন ৩৪ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ২৬ পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।লিগে গোলসংখ্যার দিক থেকে শীর্ষে লিওনেল মেসি (১৭)। ১২টি গোল নিয়ে পরের স্থানটি রোনালদোর। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের গোলসংখ্যা ১০।