রিয়াল মাদ্রিদ ছাড়ছেন মরিনহো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন বলে কয়েক সপ্তাহ ধরেই গুজব। সেটি এবার ডালপালা ছড়াল গত মঙ্গলবার লন্ডনে রিয়াল মাদ্রিদ কোচের দেখা পাওয়ার পর। ইংলিশ ট্যাবলয়েড দ্য সান-এর খবর, লন্ডনে একটা বাড়ির দরকার মরিনহোর। সেই বাড়ি খুঁজতেই ইংল্যান্ডে এসেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ।মরিনহোর এই বাড়ি খোঁজার সঙ্গে রিয়াল ছেড়ে যাওয়ার সম্ভাবনার যোগসূত্র খুঁজছেন কেউ কেউ। কারণ স্পেন এবং ইংল্যান্ড দুই দেশের সংবাদমাধ্যমেই মরিনহো রিয়াল ছেড়ে যাচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে। গত মাসে স্পেনের ক্রীড়াবিষয়ক এক টিভি অনুষ্ঠানে দাবি করা হয়, আগামী জুন নাগাদ বার্নাব্যু ছেড়ে যেতে পারেন মরিনহো। পরের সপ্তাহেই ইংল্যান্ডের দ্য সানডে টাইমস-এর খবর, ৪৯ বছর বয়সী মরিনহো প্রিমিয়ার লিগেই ফিরছেন!এসব কি সংবাদমাধ্যমের মনগড়া খবর? হ্যাঁ-না কিছুই বলেননি পর্তুগিজ কোচ। এই মৌনতা তাঁর রিয়াল ছাড়ার গুজবকে দিয়েছে ভিত্তি। সর্বশেষ তাঁকে সশরীরে দেখা গেল লন্ডনে।চেলসিতে মরিনহোর সাবেক সহকারী আন্দ্রে ভিলাস-বোয়াসের চাকরি যায়-যায়। চেলসি মালিক আব্রামোভিচের সঙ্গে দ্বন্দ্বের কারণে ২০০৭ সালে স্টামফোর্ড ছেড়ে গেলেও মরিনহো বরাবরই বলে এসেছেন, চেলসিতে অসমাপ্ত রয়ে গেছে তাঁর কাজ। তা ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতি একটা দুর্বলতাও আছে সাবেক চেলসি কোচের।টটেনহামের সঙ্গেও মরিনহোর নাম জড়িয়েছে। টটেনহামের বর্তমান কোচ হ্যারি রেডন্যাপ ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিলে মরিনহোই যে তাদের প্রথম পছন্দ সেটি জানিয়েই রেখেছেন ক্লাবটির চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। তবে স্প্যানিশ দৈনিক এএস এবং বিবিসি রেডিওর খবর, নিজের জন্য নয়, মরিনহো লন্ডনে বাসা খুঁজছেন মেয়ের জন্য। পড়াশোনার জন্য অচিরেই লন্ডনে পাড়ি জমাবেন তাঁর মেয়ে। তাই মরিনহোর লন্ডনে আসার অর্থ এই নয়, রিয়াল ছেড়ে যাচ্ছেন তিনি। তা ছাড়া লা লিগায় বার্সেলোনার সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান গড়ে ওঠায় ক্লাবেও মরিনহো আগের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই মরিনহো রিয়াল ছেড়ে যাবেন কি না, সেটা শুধু সময়ই বলতে পারে। রয়টার্স, ওয়েবসাইট।