রিয়াল মাদ্রিদ নিয়ে ভাবছেন না ফ্যালকাও

গত বছর এক সঙ্গেই মোনাকোতে যোগ দিয়েছিলেন রাদামেল ফ্যালকাও আর হামেস রদ্রিগেজ। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রদ্রিগেজ চলে এসেছেন রিয়াল মাদ্রিদে। শোনা যাচ্ছিল, তাঁর কলম্বিয়ান সতীর্থ ফ্যালকাও-ও পা রাখবেন সান্টিয়াগো বার্নাব্যুতে। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফ্যালকাও নিজেও। আপাতত রিয়াল মাদ্রিদ নিয়ে ভাবছেন না বলেই জানিয়েছেন এ কলম্বিয়ান স্ট্রাইকার।
ফ্যালকাওয়ের ওপর রিয়াল মাদ্রিদের নজর ছিল আগ থেকেই। ২০১৩ সালেই তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল রিয়াল। কিন্তু ফ্যালকাও বেছে নিয়েছিলেন মোনাকো। এবারের মৌসুম শুরুর আগেও ফ্যালকাওয়ের দিকে হাত বাড়িয়েছিল রিয়াল। তাঁর মোনাকো সতীর্থ রদ্রিগেজও রিয়ালে নাম লেখানোয় সেই গুঞ্জনটা আরও জোরালো হয়েছিল। কিন্তু আপাতত রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু ভাবছেন না বলেই জানিয়েছেন ফ্যালকাও। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদের আগ্রহের ব্যাপারে কিছু জানি না। মোনাকো ছাড়া অন্য কোনো ক্লাবের কথা আমি এখন ভাবছিও না। মোনাকোর জন্যই আমি কঠোর পরিশ্রম করে যেতে চাই। আর কোচ যেভাবে চান, সেভাবেই খেলতে চাই।’
চোট কাটিয়ে ছয় মাস পর আবার মাঠে ফিরেছেন ফ্যালকাও। আর্সেনালের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে গোলও করেছেন। তাঁর গোলেই ১-০ ব্যবধানের জয় পেয়েছে মোনাকো। ফ্রান্সের শীর্ষ সারির এ ক্লাবটির সঙ্গে ফ্যালকাওয়ের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। সূত্র: গোল ডটকম।