রিয়াল মাদ্রিদও পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষকে যখন গোল-বন্যায় ভাসাচ্ছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে তখন গোল-খরা। গোলের জন্য রীতিমতো প্রার্থনায় বসে গিয়েছিল মরিনহোর দল। রিয়াল মাদ্রিদ গোল পেতে শুরু করলেও প্রশ্ন ছিল—বার্সা যা করতে পারে, এরা কি তা পারে? পরশু স্প্যানিশ কিংস কাপের প্রি-কোয়ার্টারের প্রথম লেগে এরই জবাব দিল রিয়াল। লেভান্তেকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে রোনালদো-বেনজেমারা বোঝালেন রিয়াল মাদ্রিদের সামর্থ্য।লিগের পঞ্চম রাউন্ডে যে দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রিয়াল, সেই লেভান্তের বিপক্ষে এমন জয় এই দুজনের হ্যাটট্রিকেই। তবে প্রতিপক্ষকে এভাবে ছিঁড়েখুঁড়ে ফেলার মন্ত্রটা ম্যাচের আগে তাঁদের কানে জপে দিয়েছিলেন কোচ মরিনহো। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো জানিয়েছেন, ‘ম্যাচের আগে কোচ আমাদের একসঙ্গে ডেকে বলেছেন, যত পারো গোল করো!’ ‘যত পারো গোল করো’ মন্ত্রটা শেষ পর্যন্ত এমনই কাজ করল যে লিগে আলমেরিয়াকে যে ব্যবধানে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, সেটাই অনূদিত হলো রিয়ালের স্কোরলাইনে।ম্যাচের প্রায় শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েন বেনজেমা-রোনালদোরা। প্রথম গোলটি বেনজেমা করেন পাঁচ মিনিটে। দ্বিতীয় গোলটি মেসুত ওজিলের। এরপর ৩১ থেকে ৭৩ মিনিট পর্যন্ত শুধুই বেনজেমা আর রোনালদো। এই সময়ের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন তাঁরা। ৮৯ মিনিটে রিয়ালের অষ্টম গোলটি বদলি উইঙ্গার পেদ্রো লিওনের।রোনালদো নিয়মিতই গোল পাচ্ছেন। কিন্তু গোল না পেতে পেতে গঞ্জালো হিগুয়েইনের কাছে নিজের জায়গাটাই হারাতে বসেছিলেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। হিগুয়েইনের চোটই ‘অলস’ বেনজেমাকে খেলার সুযোগ দিয়েছে শুরুর একাদশে। তবে এক মাসের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করা বেনজেমা মনে হয় আসলেই বদলে গেছেন! তাঁর নিজের কথা, ‘মাদ্রিদের হয়ে এটাই আমার সেরা ম্যাচ কি না, বলতে পারব না। তবে আমি দলের জন্য, সবার জন্য আরও কঠোর পরিশ্রম করে যেতে চাই।’বেনজেমা বেশি খুশি রিয়াল মাদ্রিদ ফুটবল রোমান্টিকদের চাহিদা পূরণ করতে পেরেছে বলে, ‘মানুষ আমাদের কাছে দেখতে চেয়েছে ফুটবলটা আসলে কী। আমরা সেটি দেখাতে পেরেছি। রিয়াল মাদ্রিদ ৬, ৭, এমনকি ৮ গোলও করতে পারে। কোপা ডেল রেটা (কিংস কাপ) আমি জিততে চাই।’ এই শিরোপাটা জিততে পুরো বার্নাব্যুই চায়। ১৯৯৩ সাল থেকে যে কিংস কাপের ট্রফিটা ছুঁতে পারেনি রিয়াল মাদ্রিদ।পরশু গোল উৎসব করেছে ইউরোপের আরেক বড় দল বায়ার্ন মিউনিখও। জার্মান কাপে ক্লোসার ২ এবং গোমেজ, ওটল, মুলার ও রিবেরির ১টি করে গোলের সুবাদে ভিএফভি স্টুটগার্টকে ৬-৩ গোলে হারিয়েছে দলটি। বুন্দেসলিগার সর্বশেষ ম্যাচে একই দলের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে বায়ার্ন। গোল আর জয়-খরায় ভুগতে থাকা দলকে হঠাৎই এমন জেগে উঠতে দেখে বিস্মিত খোদ কোচ লুইস ফন গল, ‘চার দিনের মধ্যে আমরা ১১ গোল করেছি। দারুণ ব্যাপার এটি।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।