রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচ
চার বছর খেললেন টোটেনহ্যাম হটসপারে। ২০০৮ সাল থেকেই এই ইংলিশ ক্লাবের অন্যতম প্রধান ভরসা ছিলেন তিনি। গত মৌসুমে এই ক্রোট প্লেমেকারের কাঁধে ভর করেই প্রিমিয়ারশিপে চতুর্থ স্থানটি নিশ্চিত করেছে ‘স্পার্স’রা। তবে এই মৌসুমে টোটেনহ্যাম ছাড়লেন লুকা মদ্রিচ। সবকিছু চূড়ান্ত করে তবেই এল ঘোষণাটি। মদ্রিচের নতুন ঠিকানা এখন সান্তিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এই মৌসুমে স্প্যানিশ লিগকে আলোকিত করবেন তিনি। নতুন এই চুক্তির কথা দুই ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও কত টাকার বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে, সেটা জানায়নি কেউই। তবে রিয়াল মাদ্রিদ ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে লুকা মদ্রিচকে দলে ভিড়িয়েছে বলে অনুমান করছে স্প্যানিশ গণমাধ্যম। আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘লুকা মদ্রিচের দলবদল নিয়ে দুই ক্লাবই সমঝোতায় পৌঁছেছে। আগামী পাঁচ মৌসুম তিনি রিয়াল মাদ্রিদেই থাকবেন।’গত মৌসুমে বার্সেলোনাকে পেছনে ফেলে তিন বছর পর স্প্যানিশ লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেও এবারের মৌসুমের শুরুটা বেশ হতাশাজনকভাবেই করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে গেটাফের কাছে ২-১ গোলে হেরেই বসেছে গতবারের শিরোপাজয়ীরা। মাঝে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে হোসে মরিনহোর শিষ্যরা হারের স্বাদ পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছেও। এখন লুকা মদ্রিচের অন্তর্ভুক্তি রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করছে রিয়ালের সমর্থকেরা। রয়টার্স