রিয়াল মাদ্রিদের গোল উত্সব

বেল-রোনালদো জুটি জমবে না, এমন কথা যাঁরা বলেছিলেন, তাঁরা হয়তো এখন মুখ লুকানোরই জায়গা খুঁজছেন। শুরুর দিকে কিছুটা স্লান হয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে যেন নিজেকে নতুন করেই চেনাচ্ছেন বেল। গতকাল শালকের বিপক্ষেও দুর্দান্ত দুটি গোল করে নজর কেড়েছেন ওয়েলসের এই উইঙ্গার। দুই ম্যাচ মাঠের বাইরে কাটিয়ে দলে ফিরেই আবার জোড়া গোল করেছেন বর্ষসেরা ফুটবলার রোনালদো। বেল-রোনালদোর সঙ্গে পাল্লা দিয়েই আলো ছড়িয়েছেন বেনজেমা। দুটি গোল এসেছে ফরাসি এই স্ট্রাইকারের পা থেকেও। আক্রমণভাগের এই তিন সেনানীর দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল পেয়েছে ৬-১ গোলের বিশাল জয়।
শেষ ষোলোর প্রথম লেগের খেলায় বড় ব্যবধানের এই জয়ের পর শুধু এক পা নয়, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। কথাটি মিথ্যা প্রমাণিত করতে হলে দ্বিতীয় লেগের খেলায় জার্মান ক্লাব শালকেকে রিয়ালের মাঠে গিয়ে জিততে হবে ৬ গোলের ব্যবধানে। যেটা প্রায় অসম্ভবেরই কাছাকাছি ব্যাপার।
প্রথমার্ধের ১৩ মিনিটে রিয়ালের প্রথম গোলটি করেছিলেন বেনজেমা। ২১ মিনিটে দুই ডিফেন্ডারকে দুর্দান্তভাবে কাটিয়ে শালকের জালে বল জড়িয়েছেন বেল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল উত্সবে যোগ দেন রোনালদোও। ৫২ মিনিটে করেন নিজের প্রথম গোলটি। পাঁচ মিনিট পরে আবারও শুরু হয় সেই একই গোল-চক্র। ৫৭ মিনিটে বেনজেমা করেন নিজের দ্বিতীয় গোলটি। ৬৯ মিনিটে বেল ও ৮৯ মিনিটে রোনালদো। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে শালকের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করেছেন ক্লস-জন হানটেলার।