রিয়াল মাদ্রিদের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে এবারের মৌসুমে স্প্যানিশ লা লিগায় প্রথম জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে ড্র ও দ্বিতীয় ম্যাচে হেরে লিগ শুরু করা রিয়াল মাদ্রিদ গত সপ্তাহে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর যে সম্পূর্ণ পরিবর্তিত একটি দল, প্রমাণ পাওয়া গেল কাল সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে।রিয়ালের তিনটি গোলের দুটিই এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে। অপর গোলটি আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের। কাল গোল করে লা লিগায় এ পর্যন্ত তিনটি গোল তুলে নিলেন হিগুয়েইন। ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আপাতত শীর্ষে আছেন লিওনেল মেসি।ক্রিস্টিয়ানো রোনালদোও কাল চমত্কার এক মাইলফলক ছুঁয়েছেন। গ্রানাডার জালে দুবার বল পাঠিয়ে রিয়ালের জার্সি গায়ে তাঁর গোলসংখ্যা এখন ১৫০।ম্যাচের ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোলটিতে কিছুটা সৌভাগ্যের ছোঁয়া থাকলেও আট মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান রোনালদো। খেলা শেষ হওয়ার ১৪ মিনিট বাকি থাকতে গঞ্জালো হিগুয়েইন গোল করে লিগে রিয়ালের প্রথম জয়টি নিশ্চিত করেন।কাল রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ক্রোট প্লে-মেকার লুকা মডরিচ। তিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে লা লিগার অভিষেকে একেবারে খারাপ করেননি। হিগুয়েইন রিয়ালের পক্ষে এই মৌসুমে গোল করাটা অভ্যাসে পরিণত করলেও কাল তিনি প্রথম একাদশে জায়গা পাননি। হিগুয়েইনের পরিবর্তে প্রথম একাদশে ছিলেন করিম বেনজেমা।রিয়ালের জয়টা বড় ব্যবধানে হলেও গ্রানাডার বিপক্ষে কাল খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি হোসে মরিনহোর দল। ম্যাচের ১৬ মিনিটে ক্যালেজনের দুর্দান্ত এক ক্রস স্যামি খেদিরার মাথার ওপর থেকে ছিনিয়ে নেন গ্রানাডা গোলরক্ষক তোনো। এর কিছু আগে লুকা মডরিচের কাছ থেকে একেবারে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি সেই ক্যালেজন। তাঁর প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক তোনো।রোনালদোর প্রথম গোলটির উত্সমূলে ছিলেন লুকা মডরিচ। ডানপ্রান্তে মডরিচ বল পেয়ে একটু পেছনে ঠেললে সেখান থেকে শুরু হয় চমত্কার পাসিং। চারটি পাস ঘুরে বল আসে বক্সের মাথায় ক্যালেজনের কাছে। সেখান থেকে বক্সের মধ্যে তিনি থ্রু ঠেললে রোনালদো বল ধরে কোনাকুনি শটে গ্রানাডার গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে জালে পাঠান। ৩৫ মিনিটের সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার থ্রু থেকে বল পেয়ে নিজের ৫০তম গোলটি করেন রোনালদো। ম্যাচের ৭৬ মিনিটে রোনালদোর পরিবর্তে মাঠে নেমে করিম বেনজেমার পাস থেকে বল পেয়ে গোল করেন হিগুয়েইন। ৮৩ মিনিটে হিগুয়েইন আরও একটি গোল পেয়ে যেতে পারতেন। কিন্তু গোলরক্ষক তোনোর মাথার ওপর দিয়ে পাঠাতে গিয়ে হিগুয়েইনের শটটি লক্ষভ্রষ্ট হয়। রয়টার্স।