বড় জয়েও রিয়ালের অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেলের (বাঁ থেকে তৃতীয়) গোল উদযাপনে রিয়ালের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
গ্যারেথ বেলের (বাঁ থেকে তৃতীয়) গোল উদযাপনে রিয়ালের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স

আগের ম্যাচে বার্সেলোনার বড় জয়। লা লিগায় বড় ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদও। গত রাতে আলমেরিয়াকে ৫-০ গোলে হারায় রিয়াল। এর পরও অবশ্য খুব একটা স্বস্তিতে থাকার উপায় নেই রিয়ালের। চোট পেয়েছেন যে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো!
রিয়ালের একাধিপত্যের ম্যাচের প্রথম গোলটা রোনালদোর। একটি করে গোল করেন করিম বেনজেমা, গ্যারেথ বেল, ইসকো ও মোরাতা।
কয়েক দিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। প্রথম লেগেও একটি গোল করেছিলেন। ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে দুই লেগ মিলিয়ে পর্তুগালের চারটি গোলই করেন রোনালদো। নিজের দুর্দান্ত ফর্মটা গত রাতে আলমেরিয়ার বিপক্ষেও ধরে রাখেন পর্তুগিজ উইঙ্গার। ম্যাচ শুরুর বাঁশি বাজার তিন মিনিটের মধ্যে এগিয়ে দেন দলকে। তবে ভাগ্য খুব একটা সহায় হয়নি রোনালদোর। প্রথমার্ধেই ঊরুতে চোট পান তিনি। দ্বিতীয়ার্ধেও মাঠে নামেন, কিন্তু বেশিক্ষণ খেলতে পারেননি। চোটের কাছে আত্মসমর্পণ করে মাঠ ছাড়তে বাধ্য হন এবারের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের অন্যতম দাবিদার রোনালদো।
রোনালদো বা রিয়াল-ভক্তদের অবশ্য খুব বেশি মন খারাপ করার কারণ নেই। রিয়াল প্রাণভোমরার চোট ‘গুরুতর কিছু নয়’ বলেই মনে করা হচ্ছে। রোনালদো নিজেই ম্যাচ শেষে জানান, কেবল বাড়তি সতর্কতা হিসেবেই মাঠ ছাড়েন তিনি। সূত্র: রয়টার্স।