রিয়াল-মিলানের ভয় অজেরি!
অনেক কঠিন গ্রুপ এটা। কোনো দুর্বল দল নেই।বক্তার নাম মাসিমো মোরাত্তি। ইন্টার মিলান সভাপতি বলেছেন চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ আর এসি মিলানের এক গ্রুপে পড়া নিয়ে। চ্যাম্পিয়নস লিগে নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার জিতেছে এসি মিলান। আছে টানা তিনবার (১৯৭১, ’৭২ ও ’৭৩) শিরোপা জেতা ডাচ ক্লাব আয়াক্স। ‘মৃত্যু-উপত্যকা’ এই গ্রুপকে তো বলতেই হবে।তবে রিয়াল দাবি করছে, মিলান কিংবা আয়াক্সের জন্য নয়, এই গ্রুপটা তাদের পছন্দ হচ্ছে না চতুর্থ দল অজেরির কারণে! ‘মিলান আমাদের চিন্তার বিষয় নয়। এই গ্রুপের একটা ব্যাপারই আমার পছন্দ হয়নি। সেটা অজেরির এই গ্রুপে পড়া। এই ড্রয়ে আমাদের জন্য সবচেয়ে কঠিন বিষয় এটা’—বলেছেন রিয়াল মাদ্রিদের পরিচালক ইমিলিও বুত্রাগুয়েনো। আর মিলানের নতুন কোচ মাসিমিলানো অ্যালেগ্রির কথা, ‘ভয় পাওয়ার মতো দুটি দলই তারা।’ এএফপি।মিলান আয়াক্সকে ভয় পেতেই পারে। টানা তিনবার শিরোপা জয়ের পথে শেষ দুবারই ফাইনালে তারা ইতালিয়ান দলকে হারিয়েছে। ১৯৭২ সালে ইন্টার মিলান আর পরের বছর জুভেন্টাসকে। ১৯৭৩ সালে আয়াক্স ফাইনালে উঠেছিল রিয়ালকে পেছনে ফেলেই। কিন্তু বুত্রাগুয়েনো বললেন অজেরিকে ভয় পাওয়ার কথা। রসিকতা করলেন নাকি?গতবার রুবিন কাজান বার্সেলোনাকে তাদের মাঠে গিয়ে হারিয়ে দিয়েছিল। তার পরও সবার ধারণা, ২০০৬ ও ’০৯ সালের চ্যাম্পিয়ন বার্সেলোনা হেসেখেলেই গ্রুপ পর্ব পার হবে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর জুবিজারেতোর ব্যাখ্যাটা অন্যরকম, ‘কোনো দল কঠিন বা সহজ কি না, এটা তাত্ত্বিক কথা। দেখতে হবে মাঠে কী হয়।’