রিয়াল-ম্যানইউ লড়াইয়ের অপেক্ষায় বিশ্ব: মরিনহো
পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটির জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটা নিজেই বলেছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে শুধু রোনালদো নন, ইউরোপের অন্যতম সেরা এই দুই ক্লাবের লড়াই দেখার জন্য অপেক্ষায় আছে গোটা ফুটবল বিশ্ব। এমন মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। গতকাল এমইউ টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন এই পর্তুগিজ কোচ।আগামী বুধবার শেষ ১৬-এর লড়াইয়ে ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ রকম একটা হাই প্রোফাইল ম্যাচে মাঠে নামার জন্য দলের সবাই মুখিয়ে আছে বলে জানিয়েছেন রিয়ালের কোচ হোসে মরিনহো। তিনি বলেছেন, ‘এটা খুবই বড় একটা ম্যাচ। সবাই এই ম্যাচে খেলতে চায়। কারও মধ্যেই ক্লান্তির কোনো ছাপ নেই। এ ম্যাচটির জন্য অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়নস লিগের অন্য কোনো ম্যাচের জন্য এ রকম উদ্দীপনা দেখা যায় না। কাজেই আশা করছি, ‘আমরা ফুটবল বিশ্বকে সেই পারফরম্যান্সটাই উপহার দিতে পারব, যার জন্য তারা অপেক্ষা করছে।’অপেক্ষায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনও। তিনি বলেছেন, ‘ম্যাচের আগে আমার সঙ্গে মরিনহোর কথা হয়েছে। তিনি ভালোই ফর্মে আছেন। আমরা দুজনেই বুধবারের এই ম্যাচটির দিকে তাকিয়ে আছি। এটা হবে একটা দুর্দান্ত ম্যাচ।’ রয়টার্স