রিয়াল-ম্যানইউর দুই রকম চাওয়া
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের বর্ণবাদী মন্তব্য নিয়ে পুরো ফুটবল-বিশ্বেই তোলপাড়। ওই হইচইয়ের ঠিক এক সপ্তাহ পর উয়েফা আশাবাদী, মাঠের লড়াইয়ের উত্তাপে হারিয়ে যাবে সব বিতর্ক। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে আজই আবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, নাপোলি, ম্যানচেস্টার সিটি, আয়াক্সের মতো পরাশক্তিরা।শুধুই কি মাঠে নামা? এদের মধ্যে যেমন বায়ার্ন, ম্যান সিটি, ম্যানইউ, বেনফিকা, ইন্টার মিলান, আয়াক্স নামছে শেষ ষোলোর টিকিট হাতে তোলার স্বপ্ন নিয়ে। নাপোলি, ত্রাবজনস্পোর, লিল, লিওঁ, বাসেল স্বপ্ন দেখছে নকআউট পর্বের আশা উজ্জ্বল করার। ভিয়ারিয়াল, ওতেলুল গালাতি, ডায়নামো জাগরেবের মতো ক্লাবগুলোর লড়াই আবার নিজেদের মর্যাদা রক্ষার। আগে ৪ ম্যাচেই হারের জ্বালা জুড়াতে চায় তারা প্রথম পয়েন্ট ছিনিয়ে নিয়ে।রিয়ালের লক্ষ্যটা আবার ভিন্ন। গ্রুপ পর্বের ৩২ দলের মধ্যে একমাত্র তারাই ৪টি ম্যাচ জিতেছে। বার্সেলোনা, এসি মিলানের আগেই তারা শেষ ষোলোয়। বার্নাব্যুতে তাদের লক্ষ্য আজই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত করে ফেলা। তাদের প্রতিপক্ষ—বিদায় নিশ্চিত হওয়া ডায়নামো জাগরেব। শনিবার স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয়টি ছিল এ মৌসুমে রিয়ালের সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা একাদশ। মরিনহোর উজ্জ্বল কোচিং ক্যারিয়ারে যা সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড। টানা জয়ের ধারাটা ধরে রাখতে মরিনহো মাঠে নামাচ্ছেন পূর্ণ শক্তির দল। তার পরও বার্নাব্যুর ম্যাচটাই হালকা মেজাজের। বাকি সব ম্যাচেই বারুদের গন্ধ। অলিম্পিক লিওঁর বিপক্ষে চারবারের চ্যাম্পিয়ন আয়াক্সকে জিততেই হবে। মিউনিখে আগের চার ম্যাচে হারা ভিয়ারিয়ালের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ড্র করলেই চলবে। হারলেও নকআউট পর্বে ওঠা যাবে, যদি নাপোলি ম্যান সিটিকে হারাতে না পারে। নেপলসে সিটিকে হারাতেই প্রস্তুত ম্যারাডোনার সাবেক দল! সিটির ইতালি উড়ে যাওয়ার দিনে ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যানইউ ঘরের মাঠে খেলবে বেনফিকার বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে এই দুই সাবেক চ্যাম্পিয়নেরই চোখ শেষ ষোলোয়। ইংলিশ পরাশক্তিদের সমান ৮ পয়েন্ট পর্তুগিজ দলটিরও। এ ম্যাচের জয়ীরা তো যাবেই, ড্র হলে নকআউট পর্বে যেতে পারে দুটি দলই, যদি ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ওতেলুল হারিয়ে দেয় বাসেলকে। কিন্তু জয়ই আঁকা ফার্গুসনের শিষ্যদের চোখে।নিজেদের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতার গত ৩৫টি ম্যাচে হার মাত্র একটিতে, জিতেছে ২৫টিতে। কোনো পর্তুগিজ ক্লাবের কাছেই হারেনি ম্যানইউ, জয় ১০ ম্যাচের আটটিতেই। বেনফিকা অবশ্য নিজেদের মাঠে প্রথম লেগে ম্যানইউকে আটকে দিয়েছিল ১-১ গোলে।নকআউট পর্বটা ইন্টার মিলানের হাত বাড়ানো দূরত্বে। তুরস্কে ত্রাবজনস্পোরের সঙ্গে ২০১০ সালের চ্যাম্পিয়নদের ড্র করলেই চলবে। তবে তুরস্কের বিমানে ওঠার আগে ইন্টারকে পেয়ে বসেছে একটি কুসংস্কার। দলের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো জারাতে তাঁর পাসপোর্টটি নিতে ভুলে গিয়েছিলেন! যে ত্রাবজানস্পোর প্রথম লেগে ইন্টারকে হারিয়ে গিয়েছে মিলানে এসে, তারাই না আবার কিছু ঘটিয়ে দেয়! ১-০ গোলে সেই হারের ক্ষত শুকিয়ে ইন্টার এখন ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। ড্র হলেই নকআউট পর্বের টিকিট, হারলেও তা জুটবে, যদি ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে সিএসকে মস্কোকে হারিয়ে দেয় লিল। এএফপি।