রিয়াল ২: ১ বায়ার্ন [দুই লেগ মিলিয়ে ৩-৩। টাইব্রেকারে বায়ার্ন ৩-১-এ জয়ী]আগের দিন পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি। নায়ক হওয়ার বদলে বার্সেলোনার ‘খলনায়ক’ হয়ে গেছেন। পরশু ম্যাচের ছয় মিনিটের মাথায় পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল! ৮ মিনিট পর আরও একটি। ১৪ মিনিটের মধ্যে রোনালদোর দুই গোলে ম্যাচে দুর্দান্ত শুরু রিয়াল মাদ্রিদের। গত তিন বছরে ভাগ্যদেবী সব অকাতরে দিয়েছেন মেসিকে। মনে হচ্ছিল, এই বেলা রোনালদোর সব সুদে-আসলে উসুল করার পালা। তখনো ভাবা যায়নি ম্যাচের শেষে কী এক অ্যান্টিক্লাইম্যাক্স অপেক্ষা করছে!২৭ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করে ম্যাচে বায়ার্নকে ফিরিয়ে আনেন আরিয়েন রোবেন। প্রথম ২৭ মিনিটে ৩ গোল দেখা ম্যাচটি এরপর ৯০ মিনিটের বাকি সময়টায় তো বটেই, অতিরিক্ত সময়ের আধঘণ্টাতেও আর কোনো গোলের দেখা পায়নি। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা ম্যাচটিকে নিয়ে গেল টাইব্রেকারে।টাইব্রেকারের লটারি শুরু হলো। রিয়ালের প্রথম শট নিতে এলেন সবচেয়ে বিশ্বস্ত পা জোড়ার মালিক। কিন্তু রোনালদোর শট ঠেকিয়ে দিল বায়ার্নের একজোড়া বিশ্বস্ত হাত! রিয়ালের পরের শট। কাকা। এবারও ঠেকিয়ে দিলেন ম্যানুয়েল নয়্যার! হতাশ, বিস্মিত, বাকরুদ্ধ হোসে মরিনহো। আলাবা আর মারিও গোমেজের নিখুঁত নিশানায় টাইব্রেকারে বায়ার্ন ২-০-তে এগিয়ে। কিন্তু ক্লাইম্যাক্স। বায়ার্নের পরের দুটি শট ঠেকিয়ে দিয়ে আশার ডুবোচর জাগিয়ে দিলেন ইকার ক্যাসিয়াস। এর মধ্যে ২-১ করে ফেলেছেন জাবি আলোনসো। রিয়ালের চতুর্থ শট নিতে এলেন সার্জিও রামোস। সান্তিয়াগো বার্নাব্যুকে শোকস্তব্ধ করে বল মারলেন ক্রসবারের হাত খানেক ওপরে! বায়ার্নের পঞ্চম ও শেষ শট নিতে এলেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। লক্ষ্য ভেদ করলেই ফাইনালে বায়ার্ন! ইনজুরি থেকে ফেরার পর নিজের ছায়া হয়ে থাকা শোয়েনস্টাইগার ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ শটটি নিতে কোনো ভুল করলেন না। করে ফেললেন ৩-১! রিয়ালের শেষ শট নেওয়ার প্রয়োজনই পড়ল না। উৎসবে মাতল বায়ার্ন মিউনিখ। ১৯৮৪ সালের পর এই প্রথম ফাইনাল ভেন্যুর দল পেল ফাইনালের টিকিট। ১৯ মে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় নিজেদের মাঠে চেলসির মুখোমুখি হবে বায়ার্ন। রোনালদোর নায়ক হয়ে ওঠার মঞ্চে শেষ পর্যন্ত আলোয় উদ্ভাসিত হলেন নয়্যার। মরিনহোর বিপক্ষে একটা প্রতিশোধও নিল বায়ার্ন। ২০১০-এর ফাইনালে এই মরিনহোর ইন্টারের কাছেই হেরেছিল চারবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে অন্তত মনে হয়নি ম্যাচটি টাইব্রেকারে যাবে। দুই দলই ছিল আক্রমণাত্মক মেজাজে। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার সুখ্যাতি আছে জার্মানদের। ১৪ মিনিটের জোড়া ধাক্কা দ্রুতই তারা সামলে উঠেছিল। প্রথম পেনাল্টির জন্য অপরাধী আলাবা নিজেই মিনিট কয়েকের মধ্যে প্রায়শ্চিত্ত করে ফেলেছিলেন প্রায়। কিন্তু আলাবার ক্রস একদম জায়গামতো পেলেও বল জালে পাঠাতে পারেননি রোবেন। কাঙ্ক্ষিত সেই গোলের দেখা বায়ার্ন পেল পেপে বক্সের মধ্যে গোমেজকে ফেলে দেওয়ায়। ক্যাসিয়াস নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। ডানে ঝাঁপিয়ে আঙুলে বল ছুঁইয়েও দিয়েছিলেন। কিন্তু রোবেনের শটে ছিল ১০০০ অশ্বশক্তির গতি। ক্যাসিয়াসের আঙুলে বাধা পেয়েও পোস্টে লেগে ঢুকে গেছে জালে।প্রথমার্ধ এমনই মুহুর্মুহু আক্রমণ আর পাল্টা-আক্রমণের শিহরণ-জাগানিয়া ফুটবল উপহার দিল। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাভাবিকভাবেই দুই দল ঢুকে পড়ল সতর্কতার খোলসে। অতিরিক্ত সময়ে দুই দলের খেলোয়াড়দের পায়ে মৌসুম শেষের ক্লান্তি। কিন্তু বায়ার্ন নিশ্চয়ই এখন নতুন করে গা ঝাড়া দিয়ে উঠবে এক দশক পর শিরোপা জয়ের হাতছানিতে। ১৯৬৫ সালের পর নিজেদের মাঠে আর কোনো দল শিরোপার স্বাদ পায়নি। বায়ার্নের প্রতিপক্ষ তাই শুধু চেলসি নয়, ইতিহাসও। দেখা যাক। এখন শুধু ১৯ মের অপেক্ষা। এএফপি, রয়টার্স।