রিয়ালকে অপেক্ষাতেই রাখল বার্সেলোনা
স্প্যানিশ লিগের গতকালের খেলায় বার্সেলোনা ড্র করলে বা হারের স্বাদ দেখলেই শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে পারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপা জয় প্রায় নিশ্চিত হয়ে গেলেও সেই চূড়ান্ত উল্লাসটা করতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে হোসে মরিনহোর শিষ্যদের। গতকাল রায়ো ভালেকানোর বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় দিয়ে রিয়ালকে আরও কিছুদিন অপেক্ষাতেই রাখল বার্সেলোনা। তবে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইটা আরও জমিয়ে তুলেছেন লিওনেল মেসি। গতকাল জোড়া গোল করার পরে তাঁর গোলসংখ্যাও এখন ক্রিস্টিয়ানো রোনালদোর সমান। ৪৩ গোল।চরম হতাশার একটা সপ্তাহ কাটানোর পর গতকাল আবার যেন ফিরে পাওয়া গেল প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়া সেই বার্সেলোনাকে। প্রথমার্ধে তিনবার ও দ্বিতীয়ার্ধে চারবার প্রতিপক্ষের জালে বল জড়ায় কাতালানরা। এর মধ্যে ২৬ মিনিটের একটি গোল ছিল আত্মঘাতী। মেসি দুটি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো, ৪৭ ও ৮৭ মিনিটে তাঁর দুটি গোলই করেছেন মেসির পাস থেকে। বাকি দুটি গোল করেছেন সাইডু কেইটা ও থিয়াগো।