রিয়ালকে গ্রানাডার চোখরাঙানি!
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির! পুঁচকে গ্রানাডা পরশু রিয়াল মাদ্রিদকে সেই কবিতাই যেন পড়ে শোনাতে চেয়েছিল। পঞ্চম মিনিটে মাঝমাঠ থেকে একাই বল টেনে এনে দারুণ গোল করেছিলেন ফ্রাঙ্কো জারা। নিয়মিত একাদশের ছয়জনকে বসিয়ে একাদশ সাজানো রিয়াল হেরেই যেতে বসেছিল। শেষ পর্যন্ত শেষ ৯ মিনিটে একটি পেনাল্টি আর একটি আত্মঘাতী গোলে মান বেঁচেছে তাদের। ৮১ মিনিটে পেনাল্টিতে সমতা ফিরিয়েছেন রিয়ালের হয়ে শততম লিগ ম্যাচ খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ মুহূর্তে নিজেদের জালে বল ঠেলেছেন গ্রানাডার ডেভিড কোর্টেস।ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস, পেপেদের বিশ্রামে রেখেছিলেন আগের ম্যাচেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা হোসে মরিনহো। তবে রোনালদো ছিলেন। হয়তো লিওনেল মেসির সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের তাগিদ থেকেই। পরশু একই সময় স্প্যানিশ লিগের কুড়িটি দল মাঠে নেমেছিল। ফলে এদিকে রোনালদোর একটি গোল, অন্যদিকে মেসির চারটি নিশ্চিত করে দিল, পিচিচি ট্রফিটা এবার পাচ্ছেন না পর্তুগিজ তারকা। মেসির গোল ৫০টি, রোনালদোর ৪৫। লিগে আর একটি মাত্র ম্যাচই বাকি। মৌসুমে ৭২ গোল করা মেসি অবশ্য পাবেন দুটি ম্যাচ। ২৫ মে স্প্যানিশ কাপের ফাইনাল আছে বার্সেলোনার।রিয়ালের জন্য এমনিতে অগুরুত্বপূর্ণ হলেও গ্রানাডার কাছে ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। অবনমন অঞ্চল থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে থাকায় বিপদের ঝুঁকি থাকছেই। ম্যাচে দুর্দান্ত খেলেছেও তারা। রিয়ালের গোলমুখে ছিল পাঁচটি শট। অন্তত দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন রিয়ালের দ্বিতীয় গোলরক্ষক আন্তোনিও আদান ও মার্সেলো। ম্যাচে দীর্ঘ সময় দাপট দেখিয়ে দুটি অপ্রত্যাশিত গোল খেলে যা হয়, ম্যাচ শেষে রেফারির দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে গেছেন খেলোয়াড়েরা। স্বাগতিক দর্শকেরাও ক্ষিপ্ত হয়ে বোতল ছুড়েছে। এ সময় দুটি লাল কার্ডও দেখিয়েছেন রেফারি।ওদিকে পরশুই শেষ হয়ে গেল জার্মান বুন্দেসলিগা। আগেই বরুসিয়া ডর্টমুন্ড শিরোপা নিশ্চিত করে ফেলায় জার্মান লিগে বাকি ছিল কেবল চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে জায়গা করে নেওয়া আর অবনমনের সমীকরণ। ডর্টমুন্ড শেষদিনে ফ্রেইবুর্গকে ৪-০ গোলে হারিয়ে গড়েছে বুন্দেসলিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট তুলে নেওয়ার নতুন রেকর্ড। ৩৪ ম্যাচে ২৫ জয় আর ৬ ড্র থেকে ৮১ পয়েন্ট তুলে নিয়েছে তারা। এফসি কোলনকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় সারির লিগে পাঠিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এদিন জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাঁকে বিবেচনা করার দাবিটাও জোরালো করেছেন টমাস মুলার। গোল পেয়েছেন আরিয়েন রোবেনও। ওয়েবসাইট।