রিয়ালকে জাভির খোঁচা
কথাটা শুনে মনে হতে পারে, হঠাৎই রিয়াল মাদ্রিদ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি। বার্সেলোনার সঙ্গে রিয়ালের ৮ পয়েন্টের ব্যবধান ভাবাচ্ছে তাঁকে। আসলে কথার দড়ি বেয়ে আরও নিচে নামলেই বোঝা যাবে, জাভি আসলে রিয়ালকে খোঁচাই দিচ্ছেন। নিজের ঘর এখন সুরক্ষিত। বনের মোষ খানিকটা তাড়িয়ে আসাই যায়!রিয়ালের খেলা রোববার। ফলে ব্যবধানটি আবার এগারোয় নিয়ে যাওয়ার সুযোগ জাভিদের সামনে। আজ সেভিয়ার সঙ্গে খেলা। পুরো ৩ পয়েন্ট পাওয়ার কাজটা অবশ্য বার্সার জন্য সহজ হবে না। সেভিয়া শক্তিশালী দল। এই মৌসুমে খেলছেও ভালো। পাঁচ ম্যাচেই অপরাজিত। ৩ জয়, ২ ড্র। তা ছাড়া গত দুই মৌসুমেই দুবার বার্সাকে ড্রয়ে আটকে দিয়েছে সেভিয়া। তা ছাড়া ম্যাচটি সেভিয়ার মাঠে। তবে এসব তথ্য দিয়েও সেভিয়া নিয়ে কোনো দুশ্চিন্তার রেখা জাভির মনে এঁকে দেওয়া গেল না। বার্সার মাঝমাঠের প্রাণভোমরা বরং রিয়াল নিয়েই ‘ভাবিত’, ‘৮ পয়েন্টের লিড—বেশ ভালো লাগছে। শক্তিশালী সেভিয়ার বিপক্ষে ওদের মাঠেই কঠিন একটা ম্যাচ। কিন্তু এটাও সত্যি ৮ পয়েন্ট অনেক বড় ব্যবধান। রিয়ালের আর কোনো ভুলের সুযোগ নেই।’জাভি আসলে সাম্প্রতিক মৌসুমগুলোর দিকেই ইঙ্গিত করেছেন। সেখানে ৮ পয়েন্টেরও কমে শিরোপা নির্ধারিত হয়েছে দুই দলের মধ্যে। তা ছাড়া আগামী মাসেই এল ক্লাসিকো। এই লিড ধরে রেখে ৭ অক্টোবরের এল ক্লাসিকো জিতলে সেই ব্যবধান হয়ে যাবে ১১! মনের আনন্দ লুকিয়ে রাখতে পারছেন না জাভি, ‘আমাদের এমন শক্ত অবস্থান আর মাদ্রিদের এত সমস্যা দেখে সত্যিই খুব ভালো লাগছে। গতবার ওরা ১০ পয়েন্টে এগিয়ে গিয়েছিল। তখনই যেন আমরা লিগটা হেরে গিয়েছিলাম। এখন অবশ্য মাত্রই শুরু, তার পরও এই এগিয়ে থাকার সর্বোচ্চ সুবিধাই আমাদের নিতে হবে।’সেভিয়া ম্যাচটি জিতলে গার্দিওলা-যুগের সবচেয়ে ভালো মৌসুম শুরুর রেকর্ডও ছুঁয়ে ফেলবেন উত্তরসূরি টিটো ভিলানোভা। ২০০৯-১০ মৌসুমেও লিগে টানা প্রথম ছয়টি ম্যাচ জিতেছিল পেপ গার্দিওলার বার্সা। নতুন কোচের প্রশংসাতেই জাভি পঞ্চমুখ, ‘টিটো এমন একজন, ফুটবল যার কাছে কোনো ছেলেখেলা নয়। ও ফুটবলের মানুষ। ওর মনজুড়ে শুধুই ফুটবল। ওর ব্যক্তিত্বও যে বিশাল, সেটি আমি জানতাম। তবে তখন সে পেপের ছায়ার আড়ালে ছিল, খুব বেশি কথা বলত না। তবে ও সত্যিকারের এক নেতা।’ এএফপি। বার্সার জন্য রক্ষণ এমনিতেই দুশ্চিন্তার। তার পরও কার্লোস পুয়োল, জেরার্ড পিকের পর এবার আদ্রিয়ানোও ইনজুরিতে। ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যালেক্স সং অবশ্য গত ম্যাচে ডিফেন্ডারের ভূমিকায় ভালো খেলেছেন। মাচেরানো-সংদের দিয়েই কাজ চালাতে হবে বার্সাকে।