রিয়ালকে জেতালেন ‘সুখী’ রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ ৩: ২ ম্যান সিটিকামান থেকে ছুটে বের হওয়া গোলার মতো ডাগ-আউট থেকে ছিটকে বেরোলেন। ঘাসের সবুজে করলেন স্লাইড। মনে হচ্ছিল তাঁর পরনে স্যুট-প্যান্ট নয়, জার্সি। মনে হচ্ছিল তাঁর বয়স পঞ্চাশ ছুঁই-ছুঁই নয়, পঁচিশ। মনে হচ্ছিল, হোসে মরিনহো কোচ নন; খেলোয়াড়!তাঁর থেকে খানিক দূরে আরেকজন। তিনিও মসৃণ ঘাসে স্লাইড করে শুয়ে পড়েছেন। সতীর্থরা হামলে পড়েছেন তাঁর ওপর। কদিন আগে গোল উদ্যাপন না করে আলোচনায় আসা ক্রিস্টিয়ানো রোনালদো এবার চিরচেনা ভঙ্গিতে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাঁর গোল, আর সেই গোলেই দুবার পিছিয়ে পড়া দলের জয়। এমন উদ্যাপন রোনালদোকেই তো মানায়।যে ম্যাচের প্রথম ৬৭ মিনিটে কোনো গোল নেই, সেই ম্যাচটার শেষ ২০ মিনিটের সামান্য বেশি কিছু সময়ের মধ্যেই ৫ গোল! গোল পাল্টা-গোলের উত্তেজনা ছড়ানো রোমাঞ্চে পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে হলো ধ্রুপদি এক ম্যাচ। ৩ মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে রিয়ালের মাঠ থেকে স্মরণীয় এক জয় নিয়ে ফিরতে ফিরতেও হেরে গেল ম্যানচেস্টার সিটি। ৬৮ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে এডিন জেকো আর ৮৫ মিনিটে আলেকজান্ডার কোলারভের দুই গোলে দুবার এগিয়ে গিয়েছিল সিটি। কিন্তু ৭৬ মিনিটে মার্সেলোর গোলে প্রথমবার সমতা ফেরানো রিয়াল ৮৭ ও ৯০ মিনিটে করিম বেনজেমা ও রোনালদোর দুই গোলে জিতেই মাঠ ছেড়েছে।অথচ ম্যাচের প্রথমার্ধে ছিল একতরফা খেলা। ৩৬ মিনিটে সামির নাসরিকে তুলে কোলারভকে নামানোয় সিটির একমাত্র স্ট্রাইকার ছিলেন কার্লোস তেভেজ। সেই তিনিও বেশি কিছু করার সুযোগ পাচ্ছিলেন না, কারণ খেলা হচ্ছিল সিটির অর্ধেই। রিয়ালের একের পর এক আক্রমণ সিটি প্রতিহত করছিল রক্ষণ আর গোলরক্ষক জো হার্টের দৃঢ়তায়। প্রথমার্ধেই সিটির গোলে ১৬টি শট নিয়েছে রিয়াল, যার চারটিই ছিল ‘অন টার্গেট’। অন্যদিকে সিটি রিয়ালের গোলে নেওয়া একমাত্র শটটিও ছিল গোলমুখের বাইরে।ডেভিড সিলভাকে তুলে জেকোকে নামিয়ে আরেকটু আক্রমণাত্মক হতে চেয়েছিলেন রবার্তো মানচিনি। বদলি হিসেবে নামার ৫ মিনিটের মধ্যেই ইয়া তোরের বাড়িয়ে দেওয়া বলে জেকোই এগিয়ে দেন দলকে। আরও তেতে ওঠা রিয়াল মুহুর্মুহু আক্রমণে অবশেষে চিড় ধরায় সিটির রক্ষণদেয়ালে। মার্সেলোর আগুন ঝরানো শট ডিফেন্ডারের গায়ে লেগে ঢুকে পড়ে জালে। এর পর ৮৫ থেকে ৯০—এই ৫ মিনিটে সেই তিন গোলের রোমাঞ্চ। কোলারভের ফ্রি-কিক থেকে সিটির এগিয়ে যাওয়া, বেনজেমার সমতা ফেরানো, রোনালদোর গোলে জয়। ম্যাচ শেষে উদ্যাপন করা প্রসঙ্গে ‘সুখী’ রোনালদো বলেছেন, ‘আমি তখনই উদ্যাপন করি যখন উদ্যাপনের দরকার হয়।’ চ্যাম্পিয়নস লিগে ৩৯ গোল করে দিদিয়ের দ্রগবার পাশে (তালিকায় যৌথভাবে দশে) বসা পর্তুগিজ তারকা বলেছেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা লড়াইয়ে ফিরতে পেরেছি।’ এই ফিরতে পারাটাই তৃপ্তি দিচ্ছে মরিনহোকে, ‘ফল যা-ই হোক, আমি দলের খেলায় গর্বিত। আমি এই একই কথা বারবার খেলোয়াড়দের বলে আসছি। আজকের মতো ম্যাচে আমরা হেরেও যেতে পারি। এটা সমস্যা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ পর্যন্ত পশুর মতো লড়াই চালিয়ে যাওয়া।’তিনটি দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখা জো হার্ট স্বাভাবিকভাবেই হতাশ। সিটি গোলরক্ষক বলেছেন, ‘আপনি ২-১ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ হারতে পারেন না। আমরা কেবল নিজেদেরই দুষতে পারি। ওরা ভালো দল তো কী হয়েছে, আমরাও তো ভালো দল। আমরা দুর্দান্তভাবে রক্ষণ করছিলাম, দুবার এগিয়েও গিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত সব ছুড়ে ফেলেছি।’ এএফপি, রয়টার্স।