রিয়ালকে নিয়ে খেলল বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিনহো? মরিনহো কোথায়? ভিড়ের মধ্যে রিয়াল কোচকে খুঁজে পেতে একটু কষ্টই হলো গার্দিওলার। ঠোঁটকাটা মরিনহোও যেন এদিন নিজেকে লুকিয়ে রাখলেন ভিড়ের আড়ালে। গার্দিওলাই এগিয়ে গিয়ে হাত মেলালেন। এমন বিস্বাদ-করমর্দন এই জীবনে মরিনহো করেননি! ৫ গোলের ব্যবধানে কোচ মরিনহো যে এর আগে কখনোই হারেননি।দ্বিতীয় নক্ষত্রপুঞ্জকে কৃষ্ণ-বিবর বানিয়ে, নিজেদের পাসিং ফুটবলকে শ্রেষ্ঠতম মার্গে তুলে নিয়ে রিয়াল মাদ্রিদকে স্রেফ গুঁড়িয়ে দিল বার্সেলোনা। ৭০ শতাংশ বলের দখল, পাসের পর পাস দিয়ে রিয়ালকে তুর্কিনাচন নাচিয়ে ছাড়া, বলের খেলায় পেরে না উঠে শেষ পর্যন্ত রিয়ালকে হাতাহাতি শুরু করতে এক রকম বাধ্যই করা—এর কোনো কিছু দিয়েই যেন বোঝানো যাচ্ছে না গত পরশুর এল ক্লাসিকোতে বার্সার দাপট। পুরো ম্যাচে রিয়ালের প্রাপ্তি তিনটি—একবুক হতাশা, সাতটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড!এই জয় দিয়ে দুই পয়েন্টে এগিয়ে গিয়ে শীর্ষস্থান দখল করে নিল বার্সেলোনা। মরিনহো বলছেন বটে সামনে আরও ২৫টি ম্যাচ বাকি, কিন্তু এই দুমড়ানো আত্মবিশ্বাস নিয়ে রিয়াল কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার। ২০০৮-০৯ মৌসুমে বার্সার কাছে ৬-২ গোলে হারার পর আত্মবিশ্বাস এতটাই নড়বড়ে হয়ে গিয়েছিল, সেবার লিগের শেষ পাঁচটি ম্যাচেই হেরেছিল রিয়াল।অবশ্য এমন ম্যাচেও একটি প্রাপ্তি মরিনহোর আছে বৈকি। মেসিকে এ ম্যাচেও গোল করতে দেননি। কিন্তু ওই পর্যন্তই। বার্সার তিনটি গোলেই অবদান রাখা মেসি ম্যাচের পঞ্চম মিনিটেই দুরূহ কোণ থেকে আলতো চিপ করেছিলেন। গোল হয়নি। বল ধাক্কা লেগে ফিরে এসেছিল পোস্টে লেগে। কিন্তু মারাত্মক ধাক্কা যেন দিয়েছিল রিয়াল ডিফেন্ডারদের আত্মবিশ্বাসেও।ফলাফল ১৮ মিনিটের মধ্যেই জাভি আর পেদ্রোর গোলে ২-০-তে এগিয়ে যাওয়া বার্সার। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে (৫৫ ও ৫৮) ৪-০ করে দেন ডেভিড ভিয়া। বদলি হিসেবে নামা জেফরেন যোগ করা সময়ে পঞ্চম গোলটি করে মরিনহোকে কাষ্ঠবৎ বসিয়ে রাখেন ডাগআউটে নিজের আসনে। ১৯৯৪ সালে কোচ ইয়োহান ক্রুইফের বার্সেলোনা সর্বশেষ পাঁচ গোলের ব্যবধানে জিতেছিল এল ক্লাসিকো।লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগে এর আগের ১৯ ম্যাচে অপরাজিত রিয়াল এদিন শুধু খেলাতেই হারেনি, হারিয়ে ফেলেছে মেজাজও। বেশ কবার প্রায় হাতাহাতির শুরুটা করেছেন রামোসরাই। রোনালদোর অশোভন ঔদ্ধত্যও চোখে লেগেছে। দুই দফা লাল কার্ড থেকে বেঁচে গেছেন (মেসিকে কনুই মারা, ইচ্ছাকৃত হ্যান্ডবল) কারভালহো।মরিনহো অবশ্য স্বীকার করেছেন, অসহায় আত্মসমর্পণই করেছে তাঁর দল। নিজের দলের খেলা ভুলে যাওয়াটাকেই দাঁড় করিয়েছেন কারণ হিসেবে, ‘এক দল ভালো খেলার পুরস্কার পেয়েছে, আরেক দল পেয়েছে চূড়ান্ত বাজে খেলার শাস্তি। এই পরাজয় আমাদের পাওনাই। তবে আপনারাও একমত হবেন, দুদলের ব্যবধান যতটা, সেটির প্রতিচ্ছবি এই ফলাফলে নেই। তা ছাড়া লিগও শেষ হতে এখন অনেক বাকি। আর আমরা মাত্র ২ পয়েন্ট পেছনে।’এ নিয়ে টানা পাঁচটি এল ক্লাসিকোতে হারল রিয়াল। ন্যু ক্যাম্পেই একসময় সহকারী কোচের কাজ করা মরিনহোর প্রত্যাবর্তনও হলো নিদারুণ হতাশায়। সেই হতাশা ঝরেছে তাঁর কণ্ঠে, ‘কখনো আপনি ভালো ফল পাবেন, যেমনটা চেলসি আর ইন্টার মিলানের হয়ে ওদের বিপক্ষে আমি পেয়েছিলাম। কখনো সেটি হবে না। তবে খেলা শেষ, এখন এ নিয়ে বেশি ভেবে লাভ নেই।’সামনে যে লম্বা পথ বাকি, সেটা গার্দিওলাও তাঁর শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন। ক্রুইফের দলের মাঝমাঠের এই কান্ডারি এল ক্লাসিকোতে কোচ হিসেবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার পর বলছেন, ‘মাত্রই নভেম্বর চলছে। রিয়াল খুবই শক্ত প্রতিপক্ষ। ওরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অবশ্য সবচেয়ে বেশি বার লিগ আর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা একটা দলের বিপক্ষে এমন জয় আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দেবে। আমরা সন্তুষ্ট। কারণ, আক্রমণাত্মক ফুটবল আমাদের খেলার যে দর্শন, সেটি থেকে আমরা একচুলও সরে আসিনি।’শেষ কথাটি দিয়ে মরিনহোর ফল-নির্ভর ফুটবলকে একটু খোঁচাই সম্ভবত দিলেন। গার্দিওলা ইন্টারের কাছে হেরে যাওয়ার স্মৃতি এত তাড়াতাড়ি ভোলেন কীভাবে!এমন ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠবে—এই দলটাই বার্সার সর্বকালের সেরা কি না। বিনয়ী গার্দিওলার জবাব, ‘আমি সেটা বলব না। সেটা সময় আর মানুষের হাতেই তোলা থাক।’৫-০-তে জেতার পর গার্দিওলা এতটা বিনয়ী না থাকলেও পারতেন!