রিয়ালকে পেয়েও অ্যাপোয়েলের উৎসব
আজ মুখোমুখিঅ্যাপোয়েল: রিয়াল মাদ্রিদবেনফিকা : চেলসিনিকোসিয়া শহরটায় কিছুদিন থেকেই সাজ সাজ রব। যেন বড় এক উৎসবের প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার সকাল থেকে সব টিকিট কাউন্টারে হুমড়ি খেয়ে পড়া ভিড়। আসন মাত্র ২৩ হাজার। এর মধ্যে একটা বড় অংশের টিকিট দিতে হয়েছে অতিথিদের। কিন্তু পুরো নিকোসিয়া শহর তো বটেই, সারা দেশের মানুষই যেন এদিন যেতে চায় স্টেডিয়ামে! হতে চায় ইতিহাসের সাক্ষী। মাত্র দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগে খেলতে এসেই যে সাইপ্রাসের প্রথম দল হিসেবে অ্যাপোয়েল নিকোসিয়া উঠেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে! এ তো স্বপ্নযাত্রা। অবশ্য শেষ আটেই রিয়াল মাদ্রিদের মতো দলের মুখোমুখি। নয়বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে অবশ্য ভয় পাচ্ছে না অ্যাপোয়েল। প্রথম রাউন্ডে পোর্তোর মতো দলকে বিদায় করেছে। দ্বিতীয় রাউন্ডে বিদায় জানিয়েছেন লিওঁকে। মালাগা-ভিয়ারিয়াল দেখিয়ে দিয়েছে, রিয়ালকেও আটকানো সম্ভব। সেই সাহস বুকে নিয়েই আজ প্রথম লেগ খেলতে নামছে অ্যাপোয়েল। লিগে নিজেদের গত ম্যাচটা ড্র হওয়ায় চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি ঠিক মনমতো হয়নি। ওদিকে রিয়াল শেষ ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। ১৯৬৯ সালে নিকোসিয়ারই আরেকটি দল অলিম্পিয়াকোসকে দুই লেগে ১৪ গোল দিয়েছিল রিয়াল। হোসে মরিনহোর দলও প্রথম লেগেই প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চাইবে নিশ্চিত।তবে অ্যাপোয়েলের সবচেয়ে ইতিবাচক দিক, তাদের হারানোর কিছুই নেই। এ পর্যন্ত আসাটাই তাদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সমান। এ কারণেই তো টিকিট নিয়ে এত কাড়াকাড়ি। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় ক্লাব চেয়ারম্যান ফিভস এরোটোক্রিটুকে দুঃখ প্রকাশও করতে হয়েছে। তবে তিনি কথা দিয়েছেন, অ্যাপোয়েল মাঠের খেলা দিয়ে মন জয় করবে সবার। আজকের ম্যাচে অবশ্য নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলিয়ান খেলোয়াড় গুস্তাভো মান্দুকাকে পাচ্ছে না অ্যাপোয়েল, শেষ ষোলো পেরোনোয় যাঁর বড় ভূমিকা ছিল। তবে সবচেয়ে বড় অবদান দিওনিসিওস চিওতিসের। গোলের সামনে চীনের প্রাচীর তুলে দাঁড়িয়েছিলেন যেন দুর্দান্ত ফর্মে থাকা এই গোলরক্ষক। মরিনহো সর্বশেষ সাইপ্রাসে এসেছিলেন ২০০৮ সালে, ইন্টার মিলানকে নিয়ে। সেবার অ্যানোর্থোসিস ফামাগুস্তার সঙ্গে ৩-৩ ড্র নিয়ে ফিরতে হয়েছিল। ফলে পর্তুগিজ কোচ নিশ্চয়ই জানেন, কাজটা সহজ নয়। আজ আবার মাঝমাঠের মূল কান্ডারি জাবি আলোনসোকে পাবে না রিয়াল। অবশ্য তাঁর আক্রমণভাগের তিন খেলোয়াড়ই গত ম্যাচে গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করে ফর্মে ফিরেছেন, জোড়া গোল আছে করিম বেনজেমারও।মরিনহোর সাবেক দুই ক্লাব চেলসি ও বেনফিকাও মুখোমুখি হচ্ছে আজ। ইংল্যান্ডের পতাকা এখন শুধু চেলসিরই কাঁধে। নীল দলের ভারপ্রাপ্ত কোচ রবার্তো ডি মাত্তেও আশাবাদী পরের রাউন্ডে উতরানোর ব্যাপারে। বেনফিকার ঘরের খবর জানার জন্য দুটি অস্ত্রও আছে তাঁর হাতে। ডেভিড লুইজ আর রামিরেস। দুজনই চেলসিতে যোগ দেওয়ার আগে খেলেছেন বেনফিকায়। ডি মাত্তেও বলছেনও, ‘এটা আমাদের কাজে আসবে। ওরা ওই দলের আবহ ভালো করেই জানে। খেলোয়াড়ি জীবনে আমারও এমন অভিজ্ঞতা হয়েছিল লাৎসিওর বিপক্ষে খেলার সময়। আপনি সতীর্থদের অনেক তথ্যই দিতে পারবেন। আমি নিজেও বেনফিকা নিয়ে অনেক গবেষণা করেছি। ওদের খেলা অনেকবার দেখিছে। আমার হাতে আছে প্রচুর তথ্য।’ এএফপি, রয়টার্স।