রিয়ালকে বুফনের টিপ্পনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়ানলুইজি বুফন কি হুমকি দিলেন রিয়াল মাদ্রিদকে? কথা শুনে তা-ই মনে হচ্ছে, ‘টাকা দিয়ে কি সব হয়? জেতার মতো দল গড়তে পরিকল্পনা লাগে, দলে ভারসাম্য প্রয়োজন, ধৈর্য ধরতে হয়। টাকা দিয়ে হয়তো শুরুটা করা যায়, কিন্তু টাকাই সব নয়।’
সরাসরি নাম বলেননি, কিন্তু ইঙ্গিতটা যে রিয়াল মাদ্রিদের দিকে, সেটা বুঝতে ফুটবল অনুরাগীদের সমস্যা হয় না। দলবদলের বাজারে রিয়ালের টাকার গরমের কথা কে না জানে! এই তো কিছুদিন আগেও দলটি প্রায় হাজার কোটি টাকায় কিনেছে গ্যারেথ বেলকে।
কিন্তু বুফন হঠাৎ করে রিয়ালের ‘অর্থ দিয়ে সব কিনে নেওয়া’ মানসিকতার সমালোচক হয়ে উঠলেন কেন? কারণ, আজ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুফনের দল জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। মাঠে নামার আগে কথার লড়াইয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা পুরোনো কৌশল। গত পাঁচ বছরে দলবদলের বাজারে প্রায় ৬০০ মিলিয়ন ইউরো খরচ করেও চ্যাম্পিয়নস লিগে শিরোপা-খরা ঘোচাতে পারেনি রিয়াল। মাঠে নামার আগেই তাই প্রতিপক্ষের সবচেয়ে দুর্বল জায়গাটায় খোঁচা মারলেন জুভেন্টাস অধিনায়ক।
ঢিলের বদলে পাটকেল আসার কথা। কিন্তু কার্লো আনচেলত্তি বোধ হয় পূর্বসূরি হোসে মরিনহোর মতো মাঠে নামার আগে প্রতিপক্ষের সঙ্গে ‘কথা-ছোড়াছুড়ি’ খেলায় খুব একটা বিশ্বাসী নন। তার ওপর সাবেক ক্লাব জুভেন্টাসে তো তাঁরও অনেক স্মৃতি। বছর চৌদ্দ আগে যখন তিনি জুভেন্টাসের কোচ ছিলেন, অধিনায়ক ছিলেন ক্লাবের এখনকার কোচ আন্তোনিও কন্তে।
গুরুর শান্ত থাকার দর্শন মেনে চলছেন তাঁর শিষ্যরাও। সে কারণেই বুফনের ঢিলটা সুবোধ বালকের মতো হজম করে গেলেন আনচেলত্তির ছাত্ররা। ডিফেন্ডার পেপে তো উল্টো প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমরা জুভেন্টাসের সব খেলোয়াড়কে খুব শ্রদ্ধা করি। বুফন আর আন্দ্রে পিরলোর মতো ফুটবলার ওদের দলে। তবে ওই দলটার সবচেয়ে বড় গুণ যেটা, তা ওদের মিলিত সামর্থ্য।’
এ রকম খোঁচার বদলে উল্টো প্রতিপক্ষের প্রশংসা! রিয়াল সমর্থকেরা হতাশ হতে পারেন। আসলে এটাও আরেকটা কৌশল; যাতে মাঠে নামার আগে প্রতিপক্ষের ওপর একটা প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া যায়—তোমরা এত ভালো দল, এবার সেটা খেলেই প্রমাণ করো!
সাম্প্রতিক ফর্ম অবশ্য বলছে প্রত্যাশার চাপটা রিয়ালের ওপরই বেশি থাকবে। চ্যাম্পিয়নস লিগের নিজেদের আগের দুটি ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে ওরা। আগের দুই ম্যাচেই ড্র করা জুভেন্টাস রিয়ালের পাশে অনেক ম্লান।
একই সময়ে আলিয়াঞ্জ অ্যারেনায় আজ বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লজেন। গ্রুপ পর্বে এখনো পয়েন্টশূন্য প্লজেনের সঙ্গে জয় পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আগের দুটি ম্যাচই জেতা বায়ার্নের। তার পরও একটা ব্যাপার আলাদা করে ভাবাচ্ছে কোচ পেপ গার্দিওলাকে। বুন্দেসলিগায় হোক কিংবা ইউরোপে, ইদানীং বায়ার্ন প্রথমার্ধটা ঠিক গুছিয়ে খেলতে পারছে না। জার্মান চ্যাম্পিয়নদের শেষ কয়েকটা ম্যাচে জয় এসেছে দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে। ওটার একটু বদল চান আজ গার্দিওলা, ‘আমাদের খুঁজে বের করতে হবে কেন এমন হচ্ছে। আমি চাই না সমর্থকেরা এটা ভাবুক যে, শুধু দ্বিতীয়ার্ধের খেলা দেখলেই হবে।’ এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
লেভারকুসেন-শাখতার
ইউনাইটেড-সোসিয়েদাদ
গ্যালাতাসারাই-কোপেনহেগেন
রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস
আন্ডারলেখট-পিএসজি
বেনফিকা-অলিম্পিয়াকোস
সিএসকেএ মস্কো-ম্যানচেস্টার সিটি
বায়ার্ন মিউনিখ-ভিক্টোরিয়া প্লজেন
* শুরুতে স্বাগতিক দল