রিয়ালকে ভ্যালেন্সিয়ার আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধারণ এক ম্যাচ। জিততে পারত দুই দলই, জেতেনি কেউ। দুই দলই গোল করতে পারত ৪-৫টি করে, কিন্তু গোল হয়নি একটিও। দুই দলেরই কোচ-ফুটবলারদের কণ্ঠে ম্যাচ জিততে না পারার আক্ষেপ। তবে ড্র করেও ম্যাচ শেষে ‘জয়োৎসব’ করল এক দল। আর ড্রয়েও হারের যন্ত্রণায় পুড়ল আরেক দল। ভ্যালেন্সিয়ার অবশ্য লাভক্ষতি কিছুই হয়নি। সেই তিনেই অবস্থান, শীর্ষ দলের সঙ্গে ব্যবধান যথারীতি ৩০ পয়েন্ট। তবে একেবারে সর্বনাশ না হলেও ঝামেলায় পড়ল রিয়াল মাদ্রিদ। সপ্তাহ তিনেক আগেও শিরোপাটাকে মনে হচ্ছিল শুধু সময়ের ব্যাপার। সেটাকেই এখন মনে হচ্ছে বন্ধুর এক পথ। এখনো হয়তো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে না বার্সেলোনা, তবে শিরোপা লড়াই জমে গেছে দারুণভাবেই। দূরের বাতিঘর এখন যথেষ্টই কাছে তাদের, ১০ পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে ৪! দুই দলেরই এখনো বাকি ৭ ম্যাচ, এর মধ্যে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো তো আছেই।গোলশূন্য ড্র ম্যাচের সঙ্গে ম্যাড়মেড়ে শব্দটাই বেশি যায়। কিন্তু পরশু স্কোরলাইন আপনাকে ভুলই বোঝাবে। ম্যাচটা দেখে না থাকলে বোঝা মুশকিল গোল না হওয়া ম্যাচও কতটা রোমাঞ্চকর, প্রাণবন্ত হতে পারে। আক্রমণ বেশি করেছে রিয়াল, কিন্তু রক্ষণ সুসংহত রেখে পাল্টা-আক্রমণে ভয়ংকর ছিল ভ্যালেন্সিয়াও। হিগুয়েইন-বেনজেমা-রোনালদো ত্রয়ীর সঙ্গে মেসুত ওজিলকে নিয়ে আক্রমণ সাজান হোসে মরিনহো। রিয়াল গোল পেতে পারত ৮ মিনিটেই, বক্সের বাইরে থেকে রোনালদোর তীব্র গতির শট ফিরে আসে বার কাঁপিয়ে। ভ্যালেন্সিয়াকেও দুবার বঞ্চিত করেছে বার, ২৫ মিনিটে রিকার্ডো কস্তার হেড, ৫৫ মিনিটে টিনো কস্তার দূরপাল্লার শট। দুই গোলরক্ষকের বীরত্বও ছিল। ইকার ক্যাসিয়াস যথারীতি ছিলেন দুর্দান্ত, তবে অসাধারণ কিছু সেভ করেছেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ভিসেন্তে গাউতিয়া। দ্বিতীয়ার্ধে হিগুয়েইনের বদলে অ্যাঙ্গেল ডি মারিয়াকে নামানোর পর রিয়ালের আক্রমণের ধার বেড়ে যায় আরও। ৮০ মিনিটে বক্সের মধ্যে পরপর দুবার নেওয়া শটে বেনজেমাকে বঞ্চিত করেছেন গাউতিয়া। বাঁ প্রান্ত দিয়ে পাল্টা-আক্রমণ চালিয়েছে ভ্যালেন্সিয়াও। মুখোমুখি অবস্থায় জরডি আলবার শট ঠেকিয়েছেন ক্যাসিয়াস। অতিরিক্ত চার মিনিটের শেষ দিকে কাছ থেকে গাউতিয়ার হাতে তুলে দিয়েছেন ডি মারিয়া।রেফারিং নিয়ে ক্ষোভ ছিল আলবিওল-আলোনসোদের। মরিনহোর সহকারী আইতর কারাঙ্কার ক্ষোভ, ‘রেফারিং নিয়ে কী বলবেন? বার্নাব্যুর ৮০ হাজার দর্শক দেখেছে আমাদের বঞ্চিত করা হয়েছে।’ ক্যাসিয়াস বলেছেন যোগ্য অধিনায়কের মতোই, ‘মানসিকতাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবধান কমে গেছে, তবে এ নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। ব্যবধান এখনো যথেষ্ট, তবে নিশ্চিন্তে থাকার উপায় নেই। এই ম্যাচকে পেছনে ফেলে সামনে তাকাতে হবে, ভাবতে হবে একেক ম্যাচ করে।’ যে পথটা নিশ্চিন্তে পাড়ি দিতে পারত, সেখানেই এখন রিয়ালের জন্য অপেক্ষা করছে কঠিন সব পরীক্ষা। যদি না আবার পা হড়কায় বার্সার! এএফপি, রয়টার্স।