রিয়ালকে ভয় পায় না অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যে স্প্যানিশ ফুটবল ক্রমশই একঘেয়ে হয়ে উঠছে বলে অভিযোগ ফুটবলপ্রেমীদের। তবে এবারের মৌসুমে এই পরিস্থিতির অবসান ঘটানোর ইঙ্গিত দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় বেশ কিছুদিন বার্সেলোনার পরে দ্বিতীয় স্থানটা ধরে রেখেছিল তারা। আর কিংস কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে যেন স্প্যানিশ ফুটবলের নতুন পরাশক্তি হিসেবেই নিজেদের নাম ঘোষণা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্তত, রিয়াল মাদ্রিদ নিয়ে যে ভীতিটা অ্যাটলেটিকো শিবিরে ছিল, সেটা পুরোপুরি ঘুচে গেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে।কিংস কাপের এই ফাইনালের আগে রিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকো শেষবারের মতো জয় পেয়েছিল ১৪ বছর আগে, ১৯৯৯ সালে। এরপর ২৫টি ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে একবারও জয়ের দেখা পায়নি তারা। দীর্ঘদিনের এই ব্যর্থতার কারণে হয়তো রিয়াল মাদ্রিদকে নিয়ে এক ধরনের ভীতিই তৈরি হয়েছিল অ্যাটলেটিকো শিবিরে। তবে গত পরশু কিংস কাপের উত্তেজনাপূর্ণ ফাইনালে ২-১ গোলের জয় দিয়ে সেই ভীতি ভালোভাবেই কাটিয়ে উঠেছে তারা। শিরোপা জয় করার পর সিমিওনে সাংবাদিকদের বলেন, ‘সেটা এক অসাধারণ ম্যাচ ছিল। গত দেড় বছরে খেলোয়াড়েরা যেভাবে নিজেদের প্রস্তুত করেছে, তা ছিল একটা দুর্দান্ত ব্যাপার। শেষ পর্যন্ত তারা নিজেদের ভীতিটাও কাটিয়ে উঠেছে। ম্যাচটা জেতার জন্য প্রত্যেকটা খেলোয়াড় প্রাণপণ চেষ্টা করেছে। আমাদের বিশ্বাস ছিল, আমরা ম্যাচটা জিততে পারব।’কিংস কাপের শিরোপা জয় ছাড়াও এবারের স্প্যানিশ লিগের শুরু থেকেই বেশ ভালো অবস্থানে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম ২৬ ম্যাচ পর্যন্ত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটা ধরে রেখেছিল তারা। এরপর তাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে যায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিয়ে এবারের মৌসুম শেষ করলেও আগামীবারের স্প্যানিশ লিগটা হয়তো আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারবে অ্যাটলেটিকো মাদ্রিদ।