রিয়ালকে রুখলেন ডি গিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল ১: ১ ইউনাইটেডশাখতার ২ : ২ ডর্টমুন্ডঘরের ছেলে যে ঘরে ফিরছে, সবাই যেন ভুলতে বসেছিল। যত কথা ভেসে বেড়াচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাবের মুখোমুখি হওয়া নিয়েই। কিন্তু ডেভিড ডি গিয়া তাঁর নাড়িপোঁতা মাদ্রিদে প্রত্যাবর্তনকে আলোয় ভরিয়ে রাখবেন বলেই যেন পণ করেছিলেন। বাঘের ক্ষিপ্রতায় কখনো বাঁয়ে ঝাঁপালেন, কখনো ডানে। অটল এক মহাপ্রাচীর গড়ে আগলে রাখলেন গোল দুর্গ। স্রোতের বিপরীতে ২০ মিনিটে হেডে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেওয়া ড্যানি ওয়েলবেক নন, ৩০ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার দুর্দান্ত ক্রস থেকে তার চেয়েও দুর্দান্ত হেডে সমতা ফেরানো ক্রিস্টিয়ানো রোনালদোও নন, পরশু ম্যাচের নায়ক ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এক গোলরক্ষক। অ্যাটলেটিকো মাদ্রিদের এই আবিষ্কার পরশু ভুলিয়েই দিয়েছিলেন তাঁর বয়স মাত্র ২২!এই মৌসুমে রিয়াল সম্ভবত তাদের সবচেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলল এই রাতে। মুহুর্মুহু আক্রমণ বলেও ঠিক বোঝানো যাচ্ছে না। সব মিলিয়ে ২৮টি শট নিয়েছে তারা। অর্থাত্, প্রতি তিন মিনিটে একটি করে গোল-প্রচেষ্টা। এর আটটি শটই ছিল গোলে। এর মাত্র একটিই ঠেকাতে পারেননি। সেটা লেভ ইয়াসিনও পারতেন না। সাতটি সেভের কয়েকটিতেই নিজেকে পিটার স্মেইকেল-এডুইন ফন ডার সারের যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করে দিয়েছেন। এর মধ্যে ফ্যাবিও কোয়েন্ত্রাওকে যেভাবে দুবার বঞ্চিত করলেন, তা অনেক দিন মনে রাখবে ইউনাইটেডের সমর্থকেরা। পঞ্চম মিনিটেই কোয়েন্ত্রাওয়ের জোরালো শট ডানে ঝাঁপিয়ে আঙুলের ছোঁয়ায় বল জালের বাইরে ঠেলেছেন। দ্বিতীয়ার্ধে আরেকটি শট হাত দিয়ে ঠেকাতে পারছেন না দেখে অদ্ভুতভাবে লাফিয়ে পা দিয়ে ক্লিয়ার করেছেন গোললাইন থেকে।পুরো ম্যাচে নিরঙ্কুশ আধিপত্য ছিল রিয়ালের। তবে পাল্টা আক্রমণে বিপদের বার্তা দিচ্ছিল সুযোগসন্ধানী ইউনাইটেড। তারাও গোলে ছয়টি শট নিয়েছে। এর মধ্যে পুরো ম্যাচে নিষ্প্রভ থেকে যে দুবার জ্বলে উঠেছিলেন, দুবারই দলকে এগিয়ে দিতে পারতেন রবিন ফন পার্সি। তাঁর বাঁ পায়ের জোরালো শট ঠেকিয়েছেন ডিয়েগো লোপেজ। অফসাইডের ফাঁদ ভেঙে দুর্বল এক শট নিয়েছিলেন গোলমুখে, লাইন থেকে ক্লিয়ার করেছেন জাবি আলোনসো।জয় না পাওয়ায় দুই দলেরই তাই আফসোস থাকতে পারে। তবে ফার্গি ম্যাচ শেষে নির্দ্বিধায় স্বীকার করেছেন, ‘ম্যাচের আগে যদি আমাদের বলা হতো ১-১ ফল হবে, আমরা খুশিমনেই মেনে নিতাম। প্রথমার্ধটা আমাদের জন্য অনেক হতাশার ছিল। আমরা অনেক নিচে নেমে খেলেছি। তবে প্রতিপক্ষের মাঠে পাওয়া একটা গোল অনেক গুরুত্বপূর্ণ। এখনো লড়াই শেষ হয়নি, তবে আমাদের পরের রাউন্ডে যাওয়ার ভালো সুযোগ আছে।’ ডি গিয়াকে আলাদাভাবে প্রশংসা না করে পারেননি, ‘ভাগ্য ভালো, ডি গিয়া দুর্দান্ত খেলেছে। ও তিন-চারটা সেরা সেরা সেভ করেছে। এর একটা সেভ, প্রথমার্ধে সম্ভবত, যখন ওর ছোঁয়ায় বলটা পোস্টের বাইরে গেল। এটা সত্যিই দুর্দান্ত এক সেভ। এ রকম মাঠে এসে এখানে এমন খেলা অনেক কঠিন। তবে ও যেহেতু অ্যাটলেটিকোর হয়ে খেলেছে (রিয়ালের নগর-শত্রু), এটা নিশ্চয়ই ওকে বাড়তি তৃপ্তি দেবে।’ডি গিয়ার ব্যাপারে একমত হলেও হোসে মরিনহো মানতে পারেননি ইউনাইটেড এগিয়ে আছে। অ্যাওয়ে গোল ফার্গির দলকে বাড়তি সুবিধা দেবে না বলেই মনে করেন রিয়ালের কোচ, ‘আমাদের পক্ষে ওল্ড ট্রাফোর্ডে অবশ্যই গোল করা সম্ভব। এই মৌসুমে অনেক দলই তা করেছে, সেটা ওরাও ভালো করে জানে। তা ছাড়া ইংলিশ ফুটবলের যে সংস্কৃতি, তাতে তারা (গোলশূন্য ড্রয়ের জন্য) রক্ষণাত্মক খেলবে বলে মনে হয় না।’দিনের অন্য ম্যাচে শাখতার দোনেেস্কর সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ড ড্র করেছে ২-২ গোলে। এই অ্যাওয়ে গোল দুটি জার্মান ক্লাবটির অনেক কাজে লাগবে। যদিও এগিয়ে থাকার এই আনন্দটা ডর্টমুন্ডের ম্লান হয়ে গেছে বিমান দুর্ঘটনায় পাঁচ সমর্থকের মৃত্যুসংবাদে। এএফপি, রয়টার্স।