রিয়ালকেই সেরা মানলেন গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর এ রকম হতাশ-বিধ্বস্ত অবস্থাতেই দেখা গেছে পেপ গার্দিওলাকে। ছবি: রয়টার্স
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর এ রকম হতাশ-বিধ্বস্ত অবস্থাতেই দেখা গেছে পেপ গার্দিওলাকে। ছবি: রয়টার্স

অবশেষে সান্টিয়াগো বার্নাব্যুতে গিয়ে হারের মুখ দেখতেই হলো পেপ গার্দিওলাকে। এর আগে বার্সেলোনার কোচ হিসেবে ছয়বার গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের মাঠে। জিতেছিলেন পাঁচটিতেই। কিন্তু এবার বায়ার্ন মিউনিখের ডাগআউটে দাঁড়িয়ে আর জয়ের স্বাদ পেলেন না এ সময়ের অন্যতম সেরা এই কোচ। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হারের পর ‘চেনা শত্রু’ রিয়ালের শ্রেষ্ঠত্বও মেনে নিলেন গার্দিওলা।

প্রতিপক্ষের মাঠে গতকাল ৭২ শতাংশ সময়ই বলের দখল নিজেদের কাছে রেখেছিল বায়ার্ন।  কিন্তু বাকি সময় বাভারিয়ানদের রক্ষণভাগকে তটস্থ করে রেখেছিলেন রিয়ালের খেলোয়াড়েরা। ম্যাচ শেষে তাই রিয়ালকে সেরা বলে স্বীকার করতেই হলো গার্দিওলাকে, ‘মাদ্রিদের চেয়ে ভালো দল আর নেই। আর আমরা এক গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছি। এখন আমাদের দুই বা তিন গোল করতে হবে আর আমরা সেটা নিয়েই কাজ করব।’ তবে ফাইনালে যাওয়ার প্রথম ধাপটা ভালোমতো পেরোতে না পারলেও শিষ্যদের নিয়ে খুব বেশি অসন্তুষ্ট নন এই স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, ‘মাদ্রিদ সব সময় এভাবেই খেলে। তারা আপনাকে বল নিয়ে খেলতে দেবে আর অপেক্ষা করবে কখন আপনি বলটা হারিয়ে ফেলছেন। তাদের বিপক্ষে খেলতে গেলে আপনাকে খুবই সংগঠিতভাবে খেলতে হবে। আর আমরা সেভাবেই খেলেছি। আমি আমার দল নিয়ে খুবই গর্বিত।’

চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য এখন দ্বিতীয় লেগের খেলায় দুই গোলের ব্যবধানে জিততে হবে বায়ার্নকে। প্রথম লেগে হারের হতাশা ভুলে গার্দিওলাও এখন সেদিকেই নজর দিচ্ছেন, ‘আমরা হেরেছি। ম্যাচটা খুবই কঠিন ছিল। কিন্তু এখনো আমাদের সামনে দ্বিতীয় লেগের খেলা আছে আর আমরা সবাইকে সেটার জন্যই ভালোমতো প্রস্তুত করব।’

২৯ এপ্রিল দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে রিয়াল ও বায়ার্ন।— গোল ডটকম