রিয়ালে অখুশি রোনালদো!
ক্রিস্টিয়ানো রোনালদোর হয়েছে কী? কাল গ্রানাডার বিপক্ষে রিয়ালের হয়ে ১৫০তম গোল করেও তাঁকে খুব একটা উচ্ছ্বসিত দেখা যায়নি। গম্ভীর হয়ে কেবল সতীর্থদের অভিনন্দনের জবাব দিয়েছেন তিনি। তাঁর চেহারাই বলে দিচ্ছিল, কিছু একটা হয়েছে এই পর্তুগিজ ফুটবলারের। কী হয়েছে, তা অবশ্য ম্যাচ শেষেই জানা গেল।রোনালদো সাংবাদিকদের বলেছেন, ‘রিয়াল-জীবনের কিছু ব্যাপারে আমি খুশি নই। আমি গোল করে উদযাপন করিনি; কারণ, আমি মন থেকে খুশি নই।’রিয়ালের সঙ্গে তাঁর সমস্যাটা পেশাদারি বিষয়ে। তিনি বলেন, ‘কী নিয়ে আমি অখুশি, সেটা ক্লাবের কর্মকর্তারা জানে। তারা জানে, কেন আমি গ্রানাডার বিপক্ষে দুটো গোল করেও খুশি হতে পারিনি।’এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি রোনালদো। কাল গ্রানাডার বিপক্ষে রিয়ালের দারুণ জয়ে রোনালদোই ছিলেন মূল চালক। দুটো গোল করে স্কোর লাইনে বড় অবদানটি তাঁরই। অথচ সেই রোনালদোই কিনা খেলার পুরোটা সময় মুখ গোমড়া করে রাখলেন! রিয়ালের হয়ে নিজের ১৪৯ ও ১৫০তম গোলেও দেখা গেল না উদযাপনের ব্যাপারটি!রোনালদো নিজে না বললেও কালকের ম্যাচের পরেই স্প্যানিশ পত্রপত্রিকা এ নিয়ে আলোচনা-বিতর্ক শুরু করে দিয়েছে। স্প্যানিশ ফুটবল সাংবাদিকেরা মাঠে নেমে গেছেন রিয়ালে সত্যিকার অর্থে কী ধরনের ব্যাপার নিয়ে অখুশি রোনালদো, তার তদন্তে। কিছু পত্রিকা আবার এই পর্তুগিজ তারকার রিয়াল ছাড়ার ব্যাপারটিও সামনে নিয়ে এসেছে। স্প্যানিশ পত্রপত্রিকার ওই ভাষ্য অবশ্য উড়িয়ে দিতেই চাইছে বিখ্যাত ফুটবল ওয়েবসাইট গোল ডটকম। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালের অনেক কিছু নিয়ে এই মুহূর্তে রোনালদো অখুশি হলেও ক্লাব ছাড়ার ব্যাপারটি আপাতত দূরেই রাখা যায়।গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রিয়াল মাদ্রিদ কয়েকজন খেলোয়াড়ের প্রতি যে আচরণ করেছে, তাতে যারপরনাই বিরক্ত ও ক্ষুব্ধ রোনালদো। তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না, তাঁর ঘনিষ্ঠ বন্ধু ব্রাজিলীয় তারকা কাকা, রিকার্ডো কারভালহো ও ফ্যাবিও কোয়েন্ত্রোর সঙ্গে রিয়াল মাদ্রিদের ব্যবহার। এটি তিনি খোলাখুলিই ক্লাবকর্তাদের কাছে ব্যক্ত করেছেন।এদিকে, রোনালদোর সঙ্গে নাকি অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সম্পর্ক ভালো যাচ্ছে না। এ বছরের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য নাকি ক্লাবের তরফ থেকে ইকার ক্যাসিয়াসকে বেশি সমর্থন দেওয়া হচ্ছে। অথচ রোনালদো মনে করেছিলেন, গত মৌসুমে দীর্ঘ চার বছর পর লা লিগার শিরোপা জেতানোর পর এ ব্যাপারে ক্লাবের সমর্থন রোনালদোর প্রতিই থাকবে। তিনি আরও একটি বিষয়ে নাকি মর্মাহত। মেসির সঙ্গে তুলনায়ও নাকি তাঁর ক্লাবের তরফ থেকে পূর্ণ সমর্থন তিনি পাচ্ছেন না। অথচ মেসিকে বার্সেলোনা কী দুর্দান্ত সমর্থনই না দিয়ে যাচ্ছে! এসব বিষয়ে রোনালদো ইদানীং রিয়াল মাদ্রিদে নিজেকে কিছুটা অবহেলিতই মনে করছেন। অথচ এই রোনালদোই গতবছর বলেছিলেন, রিয়ালেই খেলোয়াড়ি জীবনের বাকি সময়টা কাটিয়ে দিতে চান তিনি। এক বছরের মাথাতেই পুরো পরিস্থিতি এখন অন্য দিকে মোড় নিয়েছে।কাল সাংবাদিকদের তিনি বলেছেন, আপাতত পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ নিয়েই তিনি ভাবছেন। তাঁর মতে, রিয়ালে তিনি যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন, তার চেয়ে বিশ্বকাপ বাছাইপর্ব ও পর্তুগাল জাতীয় দল নিয়ে ভাবনাটিই এই মুহূর্তে তাঁর কাছে জরুরি বলে মনে হচ্ছে।আন্দ্রেস ইনিয়েস্তার ইউরোপ-সেরা হওয়ার ব্যাপারটি নিয়েও কিছু বলতে চাননি রোনালদো। বলেছেন, ‘ওটা নিয়ে কিছু বলতে চাইছি না। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। এ মুহূর্তে আমি পর্তুগাল নিয়ে ভাবতে চাই।’