রিয়ালে অসুখী রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি গোলই হলো তাঁর মতো। কিন্তু উদ্যাপনে তিনি একেবারেই অচেনা। কেমন যেন প্রাণহীন। অনীহ। যতটুকু না করলেই নয়। সতীর্থদের গোল উদ্যাপনে একাত্ম হন না—এমন অপবাদ শুনে আসা ক্রিস্টিয়ানো রোনালদোকে এবার শুনতে হলো, তিনি নিজেই নিজের গোল উদ্যাপন করেন না। গ্রানাডার বিপক্ষে ম্যাচে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল, কোথাও সুরটা কেটে গেছে।সুখী মানুষের নাকি জামার পকেট থাকে না। যতই বিত্তবৈভব থাক, টাকা দিয়ে আর যা-ই হোক, সুখ কেনা যায় না। ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার, যাঁকে কিনতে নিজেদের সিন্দুকের ডালা মেলে ধরে রিয়াল মাদ্রিদকে গুনতে হয়েছিল ৯ কোটি ৪০ লাখ ইউরো (৯৭০ কোটি টাকা প্রায়), যে ফুটবলার বছরে ১ কোটি ১০ লাখ ইউরো আয় করেন, সেই তিনিই ম্লান মুখে জানালেন—‘আমি সুখী নই।’ রিয়ালে ভালো লাগছে না এই তথ্য এরই মধ্যে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়ে রোনালদো নাকি বার্নাব্যু ছাড়ার ইচ্ছার কথাও জানিয়ে দিয়েছেন! এদিকে রিয়াল সমর্থক স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো রীতিমতো সমালোচনার চাবুক নিয়ে ধেয়ে আসছে রোনালদোর দিকে!গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করার পর তাঁর মলিন উদ্যাপন নিয়ে সেদিনই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পর্তুগিজ তারকা। গোল উদ্যাপন না করার কারণ সম্পর্কে বলেন, ‘এর কারণ হতে পারে আমার মন খানিকটা খারাপ। এটাই একমাত্র কারণ। আমি যখন গোল উদ্যাপন করি না, তার একমাত্র কারণ আমি সুখী নই।’ কেন সুখী নন, সেই ব্যাখ্যা অবশ্য রোনালদো দেননি। তবে সেটি রিয়াল কর্তৃপক্ষ জানে মন্তব্য করে বলেন, ‘আমি এর বেশি কিছু বলব না। এখানে যারা কাজ করে তারা জানে কেন আমি সুখী নই।’সাংবাদিকেরা আরও পরিষ্কার হওয়ার জন্য জানতে চান, তবে কি তাঁকে হারিয়ে আন্দ্রেস ইনিয়েস্তা যে উয়েফা বর্ষসেরা হলেন, এটাই কি তাঁর মন খারাপের কারণ? রোনালদোর জবাব, ‘না, এটা কারণ নয়। এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার আছে।’কিন্তু কী সেই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি রিয়ালের সোনার ডিম পাড়া হাঁসকে ক্ষুব্ধ করল? এ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন। একটি অংশের ধারণা, গত মৌসুমে দুর্দান্ত খেলে রিয়ালকে লিগ শিরোপা পুনরুদ্ধার করিয়ে দেওয়ার পর নতুন চুক্তিতে রোনালদোর বেতন-ভাতা তাঁর প্রত্যাশামতো হয়নি। এ কারণেই নতুন মৌসুমের শুরু থেকেই তাঁর মুখ ভার। রোনালদোর এমন আচরণে মাদ্রিদের পত্রপত্রিকাগুলো রীতিমতো ক্ষুব্ধ। মুখ ভার করে থাকা রোনালদোর বড় একটা ছবি ছেপে মার্কা শিরোনাম দিয়েছে: ‘যথেষ্ট হয়েছে, আর না।’ প্রভাবশালী এ পত্রিকাটি লিখেছে, ‘সিআর-সেভেন মাদ্রিদকে অস্থিতিশীল করে তুলছেন। গ্রানাডার বিপক্ষে গোল উদ্যাপন না করে তারই চূড়ান্ত ঘণ্টাধ্বনিও যেন বাজিয়ে দিলেন।’ এল মুন্ডো পরিহাস করে শিরোনাম দিয়েছে: ‘ধনী, সুদর্শন কিন্তু দুঃখী।’ শীর্ষ রেডিও ‘কাদেনা সের’-ই জানিয়েছে পেরেজের সঙ্গে তাঁর বৈঠকের খবর। যেটি এসেছে আরও কিছু সংবাদমাধ্যমে। এএস-এর এক কলাম লেখক মন্তব্য করেছেন, ‘পছন্দ না হলে ক্রিস্টিয়ানো যেকোনো বিষয়ে বিরক্ত হতেই পারেন। কিন্তু কেন তিনি এমন করছেন, সেই ব্যাখ্যা দেওয়ার সাহস যদি না থাকে, সেটা তাঁর সতীর্থদের প্রতি অপমান। সমর্থকদেরও এতে ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণও আছে। তাঁর যদি আরও বেশি টাকা লাগে তো তিনি তা বলুন।’ পত্রিকাটি লিখেছে, পরিস্থিতি বাইরে থেকে যতটা মনে হচ্ছে, ভেতরে ভেতরে তার চেয়ে আরও খারাপ। এখনই কেউ এ ব্যাপারে হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা এএস-এর। এএফপি, রয়টার্স।