রিয়ালে আনচেলত্তির চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্য-বুভুক্ষু রিয়াল মাদ্রিদের কোচ হওয়াটা সব সময়ই চ্যালেঞ্জের। কার্লো আনচেলত্তির চ্যালেঞ্জটা অন্যখানেও। তিন বছরে হোসে মরিনহো তাঁর স্বভাবসুলভ প্রতিক্রিয়ায় ঘরে-বাইরে সর্বত্রই পরিবেশটা উত্তপ্ত করে তুলেছিলেন। গত মৌসুমের শেষ দিকে সত্যিকার অর্থেই রিয়াল ছিল ‘অশান্ত’ পরিবার। এই অশান্ত পরিবেশকে ‘শান্ত’ করতে আনচেলত্তিকে নিতে হবে কঠিন সব সিদ্ধান্ত। ৫৪ বছর বয়সী ইতালিয়ান কোচ চ্যালেঞ্জটা উতরাতে পারবেন কি না, সেটা বলবে সময়। তবে আনচেলত্তি ইতিমধ্যেই সহনশীল মনোভাব দিয়ে স্থানীয় গণমাধ্যম এবং দলের গুমোট ভাবটা কিছুটা হালকা করতে পেরেছেন। আপাতদৃষ্টিতে রিয়ালকেও রিয়ালই মনে হচ্ছে! প্রাক্-মৌসুম প্রস্তুতিপর্বে সাতটি ম্যাচ খেলে ছয় ম্যাচে জিতেছে, একটি মাত্র ম্যাচে করেছে ড্র। হারিয়েছে মরিনহোর বর্তমান দল চেলসি, পিএসজি ও ইন্টার মিলানকে। আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে লিগ। পরের দিনই বার্নাব্যুতে রিয়াল বেটিসের বিপক্ষে নিজেদের প্রথম লিগ ম্যাচটি খেলতে নামছে রিয়াল। প্রাক্-মৌসুম পর্বের সাফল্য বলছে, রিয়াল শুরু করতে যাচ্ছে ফুরফুরে মেজাজে। আসলেই কি?ওটা বাইরের ছবি। ভেতরে ভেতরে আনচেলত্তিকে কঠিন কাজ করতে হবে। রিয়াল কোচ চ্যালেঞ্জটা টের পাবেন লিগ শুরুর পর। গোলপোস্ট থেকে আক্রমণভাগ—সমস্যা সবখানেই। দলের শক্তি বাড়াতে টটেনহামের ওয়েলশ উইঙ্গার গ্যারেথ বেলকে দলে টানতে মরিয়া রিয়াল। গুঞ্জন আছে, ট্রান্সফার ফির রেকর্ড গড়ে হলেও বেলকে কিনতে চায় মাদ্রিদ। প্রশ্ন হচ্ছে, বেল এলে ক্রিস্টিয়ানো রোনালদোর কী হবে? বেল খেলেন রোনালদোর পজিশনেই। রিয়ালে চার মৌসুমই রোনালদো খেলেছেন উইঙ্গার হিসেবে। তবে আনচেলত্তি প্রাক্-মৌসুম প্রস্তুতিপর্বে পর্তুগিজ তারকাকে খেলিয়েছেন মূল স্ট্রাইকার হিসেবে। এখানে আনচেলত্তি আসলে ত্রিমুখী সমস্যায়। রোনালদোর নতুন পজিশনটাই পছন্দ। পর্তুগিজ জাতীয় দলকে ২৮ বছর বয়সী স্পষ্টই বলে দিয়েছেন, উইংয়ে খেলাটা তাঁর পছন্দ নয়। সে ক্ষেত্রে রোনালদোকে পছন্দের জায়গা দিলে বেল এলেও সমস্যা থাকে না। কিন্তু করিম বেনজেমা ও আলভারো মোরাতার পজিশন হবে কি? তা ছাড়া বেলকে বেশি দামে কিনলে রোনালদো কি সেটা সহজভাবে নেবেন? তা যে নেবেন না, আভাসও মিলছে! রিয়ালের নতুন চুক্তিতেও রোনালদো স্বাক্ষর করেননি এখনো। বেলের সঙ্গে চুক্তিটা তাই রিয়ালের জন্য হিতে বিপরীতও হতে পারে। আনচেলত্তিও বলছেন, বেল তাঁর পরিকল্পনায় নেই। এটা নাকি বেলের পিছু নেওয়া ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়েও দিয়েছেন।আরেক সমস্যার নাম গোলপোস্ট। ইকার ক্যাসিয়াস না ডিয়েগো লোপেজ—কে হবেন ১ নম্বর পছন্দ? গত মৌসুমের শেষ দিকে ক্যাসিয়াসকে ‘বাতিল’ করে মরিনহো বেছে নিয়েছিলেন লোপেজকে। মরিনহো যাওয়ার পর ক্যাসিয়াস ফিরেছেন, কিন্তু লোপেজ যে দক্ষতার প্রমাণ দিয়েছেন, তাতে তাঁকেও কি ম্যাচের পর ম্যাচ অবহেলা করা যাবে? একই রকম চ্যালেঞ্জ থাকছে রক্ষণেও। চ্যালেঞ্জ আছে। রিয়ালের তারকাখচিত স্কোয়াড অন্য রকম একটা স্বস্তিও দিচ্ছে আনচেলত্তিকে। এসি মিলানকে ২০০৩ ও ২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ বলছেন, তাঁর ক্যারিয়ারজুড়ে কোচিং করানো দলগুলোর মধ্যে রিয়ালই সেরা। মৃদু স্বভাবের ইতালিয়ান কোচ সাফল্য দিয়ে সেটা বলতে পারবেন? ওয়েবসাইট।