রিয়ালে আলো, বার্সায় অন্ধকার
হারটা প্রায় অদেখা কোনো রাজ্যে চলে গিয়েছিল। অবশেষে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকার পর ২৮তম ম্যাচে এসে পরাজয়ের মুখ দেখল বার্সেলোনা। সর্বশেষ হেরেছিল তারা ৩০ এপ্রিল, গতবার লিগের শেষ প্রান্তে, রিয়াল সোসিয়েদাদের কাছে। এই মুহূর্তে পৃথিবীর সেরা বলে সবাই কুর্নিশ করছে যে বার্সেলোনাকে, সেই তারাই পরশু হারল স্প্যানিশ লিগের অবনমন অঞ্চলে ঘুরঘুর করতে থাকা গেটাফের কাছে। ১-০ গোলে গেটাফে যতটা না জিতল, বার্সা হারল তার চেয়েও বেশি। বার্সাকে দেখাল যেন ক্লান্তপ্রাণ নাবিকের দল। তাল আছে তো সুর নেই, সুর আছে তো কেটে যাচ্ছে তাল। বুধবারই মিলান থেকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলে এসে দুই দিন পরই গেটাফেতে উড়ে যাওয়া—ভ্রমণক্লান্তি মেসি-জাভিদের ঠিক চিনতে দিল না।আবার ফুটবল-বিধাতাও এদিন একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছিল। তা না হলে কেন অফসাইডের খাঁড়ায় পড়ে বাতিল হবে মেসির গোল! কেন একদম শেষ কয়েক সেকেন্ডে মেসির নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসবে, ফিরতি বলে পেদ্রোর জোরালো শটও রুখে দেবে অপ্রস্তুত গোলরক্ষক! ভাগ্যকে বার্সা দুষতেই পারে। তবে দায় নিতে হবে নিজেদেরই। এক-দুই নয়, ১৩টি কর্নারের সদ্ব্যবহার করতে পারেনি। কিন্তু যে দুটো কর্নার গেটাফে পেয়েছে, তার একটাই কাজে লাগিয়েছে। ৬৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে জোরালো হেড করে গেটাফেকে স্মরণীয় জয় এনে দিয়েছেন ডিফেন্ডার হুয়ান ভালেরা। গেটাফে গোলরক্ষক ময়াও করেছেন কিছু দুর্দান্ত সেভ।অথচ পরশু রাতের শুরুতে ছিল অন্য ইঙ্গিত। মনে হয়েছিল, রিয়ালই বুঝি পা হড়কাবে, আর সেই সুযোগে ৩ পয়েন্টের ব্যবধানে কমিয়ে আনবে বার্সা। সেই রিয়ালই শুরুতে গোল খেয়েও শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১ গোলে উড়িয়ে পেয়েছে টানা ১৩তম জয়। লিগে ১৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৩৪, বার্সার ২৮। ব্যবধান ৬ পয়েন্টের। লিগ এখনো অনেক লম্বা পথ। তবে গত কয়েক মৌসুমের কথা যদি ভেবে দেখেন, হয়তো পরশুর ম্যাচটাই হয়ে গেল শিরোপা নির্ধারক। ৬ পয়েন্টের এই ব্যবধান কি ঘুচবে?মাদ্রিদ-ডার্বির ফল অন্য রকম হলে কথা ছিল। অ্যাটলেটিকো শুরুও করেছিল দারুণ। শুরুতেই আক্রমণাত্মক খেলে ১৫ মিনিটেই গোল পেয়ে গিয়েছিল আদ্রিয়ানের সৌজন্যে। ২২ মিনিটে করিম বেনজেমাকে অবৈধভাবে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর গোলরক্ষক। পেনাল্টি পায় রিয়াল। সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। তখনই ম্যাচটা ঘুরে যায়। ১০ জনের অ্যাটলেটিকো পেরেই উঠছিল না। বিপদের চূড়ান্ত হয় ৮১ মিনিটে গদিনও বক্সের মধ্যে ফাউল করে লাল কার্ড দেখায়। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন রোনালদো। এর মাঝে গোল করেন দুই আর্জেন্টাইন—অ্যাঙ্গেল ডি মারিয়া (৪৯ মিনিট) ও বদলি হিসেবে নামা গঞ্জালো হিগুয়েইন (৬৫)।ম্যাচ শেষে ৬ পয়েন্টে পিছিয়ে যাওয়ার দুঃখ ঝরেছে ডেভিড ভিয়ার কণ্ঠে। আর অ্যাটলেটিকোর কোচ গ্রেগরিও মানাজো প্রশ্ন তুলেছেন লাল কার্ড দুটি নিয়ে। এসব কথা এখন অর্থহীন। রিয়ালের বিপক্ষে ১২ বছর ধরে জিততে না পারা অ্যাটলেটিকো যোগ্য নগরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদা পাবে কি না—এখন বরং উঠছে সেই প্রশ্নই! এএফপি, রয়টার্স।