রিয়ালে এবার ভাঙাগড়ার খেলা
বড় ধরনের কোনো বিপর্যয় এখনো ঘটেনি। তবে ছোটখাটো ভূমিকম্পও কখনো কখনো বড় দুর্যোগের পূর্বাভাস দেয়। রিয়াল মাদ্রিদ সেই বিপদের জন্য অপেক্ষা করতে রাজি নয়। বরং এখনই দুর্গের ভিত শক্ত করে নিতে চায় তারা। কোনোমতেই বার্সেলোনার হাতে এবারের লিগ শিরোপা তুলে দিতে রাজি নন ফ্লোরেন্তিনো পেরেজ। এ কারণে দলকে একেবারে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন রিয়াল সভাপতি। আগামী জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারের সবচেয়ে বড় ক্রেতা হতে চলেছে রিয়াল। সবচেয়ে বড় বিক্রেতাও। দলের বোঝা হয়ে থাকা খেলোয়াড়দের এই সময় ছেঁটে ফেলতে চায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিয়ে আসতে চায় নতুন রক্ত। বড় ধরনের ওলট-পালট তাই আসন্ন।এই খবর দিয়েছে মার্কা। মাদ্রিদভিত্তিক এই পত্রিকা অতীতে অনেকবারই রিয়ালের হাঁড়ির খবর আগাম ফাঁস করেছে। ফলে এই খবরকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার কারণ আছে বৈকি। পত্রিকাটি জানিয়েছে, রিয়ালের সাম্প্রতিক খুঁড়িয়ে চলায় শুধু কোচ হোসে মরিনহো নন, পেরেজ নিজেও আছেন চাপের মুখে। দলের মূল স্ট্রাইকাররা সব পড়তি ফর্মে। তাই এবারও ক্রিস্টিয়ানো রোনালদোর ওপরই নির্ভর করতে হচ্ছে দলকে। এই মৌসুমে রোনালদোর গোল যেখানে ২২টি, দুই স্ট্রাইকার করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়েইন মিলে গোল করেছেন ১৬টি। দুজনেরই গোল আটটি করে। অথচ মিডফিল্ডার হয়েও ৫ গোল করেছেন মেসুত ওজিল, এমনকি রাইটব্যাক হোসে কায়েহনও করেছেন ৫টি গোল।মিডিয়ার গুঞ্জন, জানুয়ারিতে বেনজেমা অথবা হিগুয়েইন কিংবা দুজনকেই বেচে দেবে রিয়াল। প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কিনে আনবে ফর্মের তুঙ্গে থাকা রাদামেল ফ্যালকাওকে। লিগে আগের ম্যাচেও ৫ গোল করেছেন। কৌতুকের ছলে হলেও ফ্যালকাওকে কেনার ইঙ্গিত দিয়েছেন পেরেজ নিজেও।ফ্যালকাওসহ আরও অনেককেই কিনতে চায় রিয়াল। এদের মধ্যে আছেন সান্তোস তারকা নেইমার। টটেনহামের গ্যারেথ বেলের ওপরও রিয়ালের নজর অনেক দিন ধরে। নেইমার ও বেলের জন্য ৭ কোটি ইউরো পর্যন্ত ঢালতে রাজি রিয়াল। ফ্যালকাওকে কিনতে ৬ কোটির বেশি লাগবে না বলেও মনে করেন পেরেজ। ক্লাব সভাপতির ঘনিষ্ঠ এক সূত্র মার্কাকে বলেছে, খেলোয়াড় কেনার জন্য বড় বাজেট নিয়েই নামবে রিয়াল। আর সেই বাজেট জোগাতে রিয়ালের বেশ কয়েকজন খেলোয়াড় বেচে দেবেন তিনি। তাঁদের মধ্যে দলের সাত সিনিয়র খেলোয়াড়ও আছেন বলে জানিয়েছে ওই সূত্র!চ্যাম্পিয়নস লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না-পারা; লিগে রিয়াল বেটিসের কাছে হেরে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১-তে চলে যাওয়া, ভ্যালোদোলিদের কাছে ঘাম ঝরিয়ে জয়, সর্বশেষ কোপা ডেল রেতে সেল্টা ভিগোর কাছে হার—পেরেজ মনে করেন, পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। ওয়েবসাইট।