রিয়ালে বিদ্রোহের আগুন!
চিরশত্রু বার্সেলোনার কাছে একের পর এক পরাজয়ে নষ্ট রিয়াল মাদ্রিদের ঘরের সুখ! শান্তির বদলে রিয়ালে এখন বিদ্রোহের আগুন। গণমাধ্যমের দাবি অন্তত সে রকমই। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার দাবি, নিজ দলের খেলোয়াড়দের বিদ্রোহের মুখোমুখি কোচ হোসে মরিনহো। রিয়াল শিবির এখন ‘পর্তুগিজ’ আর ‘স্প্যানিশ’—দুই ভাগে বিভক্ত!উদ্ধত আচরণ আর উল্টাপাল্টা কথা বলায় ঘরের বাইরে মরিনহোর শত্রুর অভাব নেই। এবার নিজের কর্তৃত্বের জায়গাতেই তিনি বিদ্রোহের মুখে! মার্কার খবর, মরিনহোই বলেছেন যে খেলোয়াড়েরা তাঁর পিঠে ছুরি মেরেছেন।গত বুধবার কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার দুই গোলের একটি করেন ডিফেন্ডার পুয়োল। মরিনহোর দাবি, পুয়োল ছিলেন অরক্ষিত। এ নিয়ে ম্যাচ শেষে রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার রামোসের সঙ্গে মরিনহোর উত্তপ্ত বাদানুবাদ হয়। ‘মিক্সড জোনে’র ঘটনা বলে গণমাধ্যমের কাছে সেটি পৌঁছে যায়। মরিনহো ও রামোসের বাদানুবাদ মার্কা প্রকাশও করে দিয়েছে: রামোস: আমরা মার্কিং পজিশন পরিবর্তন করেছিলাম (পেপের সঙ্গে)।মরিনহো: তুমি কি আমাকে শেখাতে চাইছ?রামোস: না। কিন্তু মাঝেমধ্যে ম্যাচে মার্কিং বদলাতে হয়। তুমি যেহেতু উঁচু পর্যায়ে কখনো খেলোনি, তাই তুমি বুঝতে পারবে না ম্যাচে এমন পরিস্থিতি কখনো কখনো তৈরি হয়।নিজ দলের খেলোয়াড়ের মুখে এমন অপমানজনক কথা শুনে মরিনহো যেন স্তব্ধ হয়ে যান, ‘তুমি মিক্সড জোনেই আমাকে হত্যা করেছ। তোমরা স্প্যানিশরা বিশ্ব চ্যাম্পিয়ন। তোমাদের গণমাধ্যমের বন্ধুদের সুরক্ষা তোমরা পাবে।’রিয়ালের সমর্থকেরাও যেন এখন মরিনহোর বিরুদ্ধে। পরশু অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারানো ম্যাচে মরিনহোকে বিদ্রূপ করে সিটি বাজিয়েছে সমর্থকেরা। মরিনহোর কথা, ‘আমার বিরুদ্ধে সিটি বাজানোয় আমি বিরক্ত নই। এতে আমার সমস্যা নেই। তবে এই প্রথম আমার জীবনে এমনটা ঘটল। অনেক অভিজ্ঞতাই হচ্ছে প্রথমবারের মতো। এখানে জিদান সিটি শুনেছে, রোনালদো শুনেছে; এমনকি সর্বশেষ সোনার বুট জেতা ক্রিস্টিয়ানোও। কাজেই আমিই বা নই কেন? জিদান ফুটবল দিয়েই জবাব দিয়েছেন। রোনালদো, ক্রিস্টিয়ানোও তা-ই। আমিও একদিন জবাব দেব বলে কঠোর পরিশ্রম করছি।’এদিকে দলে বিভক্তির দাবিটি উড়িয়ে দিয়েছেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, ‘কোনো সতীর্থের সঙ্গেই আমার সম্পর্ক খারাপ নয়। কোনো একদিন কারও ওপর আমার রাগ হতে পারে, অথবা কেউ একজন খেপে যেতে পারে আমার ওপর। কিন্তু এটা নিয়ে এত ভাবার কিছু নেই। দলের মধ্যে স্প্যানিশ-পর্তুগিজ কোনো সমস্যা নেই।’ ওয়েবসাইট।